মণিপুরে বিষমদ কাণ্ডে মৃত বেড়ে ২১, অসুস্থ ৬০০ জন

মণিপুরের চন্দেল জেলায় বিষমদ পান করে মৃত্যুর সংখ্যা বেড়ে ২১ হয়েছে। গত ১০ নভেম্বর থেকে ২১ নভেম্বরের মধ্যে এই বিষমদ পানের ঘটনা ঘটে। মৃতদের বয়স ৩০ থেকে ৭২ বছরের মধ্যে। বিষমদ পানের ফলে অসুস্থ হয়ে অন্তত ৬০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১২ জনের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হওয়ায় তাদের আইসিইউ-তে রাখা হয়েছে।
অসুস্থ ও মৃত ব্যক্তিদের মধ্যে দৃষ্টি ঝাপসা হয়ে আসা, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, তলপেটে যন্ত্রণা ও বমির মতো উপসর্গ দেখা গিয়েছিল। আক্রান্তদের মধ্যে কেউ কেউ কমিউনিটি হেলথ সেন্টারে মারা যান, আবার বাকিদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। চন্দেল জেলার চাকপিকারং এবং কাকচিং জেলার সুগনু এলাকা থেকে এই ঘটনার খবর পাওয়া গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সুগনু এলাকা থেকেই বিষাক্ত মদ সংগ্রহ করা হয়েছিল।
ঘটনার পর থেকে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ বিষমদের উৎস সন্ধানে তদন্ত শুরু করেছে। যদিও এখনও চূড়ান্ত মেডিক্যাল রিপোর্ট পাওয়া যায়নি। এই পরিস্থিতির প্রেক্ষিতে জেলা প্রশাসন স্থানীয়ভাবে তৈরি মদ এবং সন্দেহজনক উৎস থেকে পাওয়া অ্যালকোহলজাতীয় পানীয় এড়িয়ে চলার জন্য বাসিন্দাদের সতর্ক করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।