বিজেপিতে যোগ দিলেন যুজবেন্দ্র চাহাল, পেলেন ওবিসি মোর্চায় গুরুত্বপূর্ণ দায়িত্ব

ক্রিকেটের ২২ গজ ছেড়ে এবার রাজনীতির ময়দানে পা রাখলেন ভারতীয় দলের লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহাল। শনিবার বিজেপির ওবিসি মোর্চার জাতীয় সভাপতি অমরপাল মৌর্য্যের সঙ্গে সাক্ষাতের পর আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দিলেন এই তারকা ক্রিকেটার। দলে যোগ দেওয়ার পরপরই তাঁকে ওবিসি মোর্চার ন্যাশনাল এগজেকিউটিভ কমিটিতে স্পেশাল ইনভাইটি হিসেবে নিয়োগ করা হয়েছে।
নিজের এই নতুন রাজনৈতিক যাত্রার কথা সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন চাহাল। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন এবং অমরপাল মৌর্য্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীনের নির্দেশেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর করা হয়েছে।
উল্লেখ্য, যুজবেন্দ্র চাহাল ভারতীয় ক্রিকেট দলের একজন পরিচিত মুখ। টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০ উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার তিনি। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস এবং পাঞ্জাব কিংসের হয়ে খেলার পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে হরিয়ানার প্রতিনিধিত্ব করেন তিনি। ক্রিকেটের পাশাপাশি দাবা খেলায় তাঁর বিশেষ দক্ষতা রয়েছে।
চাহালের পাশাপাশি বিজেপির ওবিসি মোর্চায় আরও বেশ কিছু রদবদল করা হয়েছে। দলের পক্ষ থেকে সাতজন জাতীয় সহ-সভাপতি, তিনজন জাতীয় সাধারণ সম্পাদক এবং সাতজন জাতীয় সম্পাদক নিয়োগ করা হয়েছে। এছাড়া জাতীয় কার্যনির্বাহী কমিটিতে আরও ৩৭ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।