গাড়ির PUC সার্টিফিকেটের নিয়মে বড় বদল আনল কেন্দ্র, জেনে নিন নতুন সময়সীমা

দেশের মোটর ভেহিকল অ্যাক্টে বড়সড় পরিবর্তন আনল কেন্দ্রীয় সরকার। নতুন নির্দেশিকা অনুযায়ী, গাড়ির এমিশন নর্ম বা দূষণ মান অনুযায়ী PUC (Pollution Under Control) সার্টিফিকেটের মেয়াদ নতুন করে নির্ধারণ করা হয়েছে। এখন থেকে BS VI ভ্যারিয়েন্টের গাড়ির ক্ষেত্রে PUC-র মেয়াদ বৃদ্ধি পেলেও, পুরোনো মডেলের গাড়ির ক্ষেত্রে এই সময়সীমা কমিয়ে আনা হয়েছে। তবে নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে ইস্যু করা সার্টিফিকেটগুলি তাদের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বৈধ থাকবে।
নতুন নিয়ম অনুযায়ী, BS VI ক্যাটিগরির ৬ বছরের কম বয়সী প্রাইভেট গাড়ির PUC-র মেয়াদ হবে তিন বছর। ৬ থেকে ১০ বছর বয়সী গাড়ির ক্ষেত্রে এই মেয়াদ ১২ মাস এবং ১০ বছরের বেশি পুরোনো গাড়ির ক্ষেত্রে প্রতি ছয় মাস অন্তর সার্টিফিকেট রিনিউ করতে হবে। কমার্শিয়াল গাড়ির ক্ষেত্রে ৬ বছরের কম বয়স হলে মেয়াদ হবে দুই বছর। এছাড়া BS IV গাড়ির PUC-র মেয়াদ এক বছর থেকে কমিয়ে ছয় মাস করা হয়েছে।
সবচেয়ে পুরোনো মডেলের ক্ষেত্রে নিয়ম আরও কঠোর করা হয়েছে। BS I, BS II এবং BS III ক্যাটিগরির প্রাইভেট ও কমার্শিয়াল উভয় ধরনের গাড়ির ক্ষেত্রেই PUC-র মেয়াদ ছয় মাস থেকে কমিয়ে তিন মাস করা হয়েছে। রাজধানী দিল্লিতে এই নিয়ম আগে থেকেই কার্যকর ছিল, যা এবার গোটা দেশেই লাগু করা হলো। নতুন করে সার্টিফিকেট ইস্যু করার সময় থেকেই এই পরিবর্তিত নিয়ম কার্যকর হবে বলে জানানো হয়েছে।