বাতিল ফ্লাইটের টিকিট বিক্রি ও রিফান্ডে গড়িমসি, স্পাইসজেটকে শোকজ ডিজিসিএ-র

বাতিল ফ্লাইটের টিকিট বিক্রি ও রিফান্ডে গড়িমসি, স্পাইসজেটকে শোকজ ডিজিসিএ-র

আর্থিক সংকটের জেরে স্পাইসজেট নিয়মিত বিমান বাতিল করায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। অভিযোগ উঠেছে, যে সব ফ্লাইট পরিষেবা বন্ধ রয়েছে, সেগুলির টিকিটও অনলাইনে বুকিং নেওয়া হচ্ছে। মুম্বই থেকে দুবাইগামী এসজি-৫০৬০ ফ্লাইটটি গত এক সপ্তাহ ধরে বন্ধ থাকলেও ২১ নভেম্বরের জন্য তার টিকিট বুকিং তালিকায় দেখা গিয়েছে। এমন একাধিক ফ্লাইটের ক্ষেত্রে একই পরিস্থিতি তৈরি হওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

বিমান বাতিলের পর টিকিটের টাকা ফেরত পাওয়া নিয়েও বড় সমস্যা তৈরি হয়েছে। বহু যাত্রী অভিযোগ করেছেন, ২০ দিন পেরিয়ে গেলেও তাঁরা রিফান্ড পাননি। এমনকি এক যাত্রীকে ২০২৭ সালের জানুয়ারি মাসে টাকা ফেরতের কথা জানানো হয়েছে। অনলাইন ট্র্যাভেল এজেন্সি এবং বিমান সংস্থার মধ্যে টানাপড়েনে যাত্রীরা রিফান্ড পেতে হয়রানির শিকার হচ্ছেন। ডিজিসিএ-র নিয়ম অনুযায়ী, ফ্লাইট বাতিলের ক্ষেত্রে সাত থেকে ১৪ কর্মদিবসের মধ্যে টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও তা মানা হচ্ছে না।

বর্তমানে স্পাইসজেট শীতকালীন সূচি অনুযায়ী ৬৬টি ফ্লাইট চালানোর অনুমতি পেলেও বাস্তবে দিনে মাত্র ১০ থেকে ১৫টি বিমান চালাতে পারছে। কেন্দ্রীয় সরকারের এয়ারসেবা পোর্টালে সংস্থাটির বিরুদ্ধে ৭ হাজারের বেশি অভিযোগ জমা পড়েছে। এই পরিস্থিতিতে নিয়ম লঙ্ঘন ও পরিষেবায় বিপর্যয়ের অভিযোগে ডিজিসিএ স্পাইসজেটকে শোকজ নোটিস পাঠিয়েছে। সাত দিনের মধ্যে সংস্থাকে এই নোটিসের জবাব দিতে বলা হয়েছে। একসময়ের দ্বিতীয় বৃহত্তম এই বিমান সংস্থার বাজারের অংশীদারিত্ব বর্তমানে কমে মাত্র ০.৬ শতাংশে নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *