রক্তের সম্পর্কের মধ্যে বিবাহ নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে জবাব তলব সুপ্রিম কোর্টের

নিকটাত্মীয় বা রক্তের সম্পর্কের মধ্যে বিবাহ বন্ধ করা কিংবা এ বিষয়ে নির্দিষ্ট আইন প্রণয়নের প্রয়োজনীয়তা রয়েছে কি না, তা জানতে চেয়ে কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, এই বিষয়ে আদালত কোনো সরাসরি নির্দেশ দিচ্ছে না। বরং সামাজিক সংস্কার ও জনস্বাস্থ্যের দিকটি বিবেচনা করে সরকারকে বিষয়টি নিয়ে সংবেদনশীল করতে চায় শীর্ষ আদালত।
বেঙ্গালুরুর এক আইন পড়ুয়ার দায়ের করা জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এসেছে। মামলাকারীর দাবি, প্রথা বা রীতির দোহাই দিয়ে রক্তের সম্পর্কের মধ্যে বিবাহকে বৈধতা দিলে তা ভবিষ্যৎ প্রজন্মের শিশুদের জেনেটিক বা বংশগত রোগের ঝুঁকির মুখে ঠেলে দেয়। চিকিৎসা বিজ্ঞানের গবেষণার উল্লেখ করে আবেদনে বলা হয়েছে, এর ফলে সন্তানদের মধ্যে জন্মগত ত্রুটি, শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা এবং শিশুমৃত্যুর হার বৃদ্ধির আশঙ্কা থাকে।
আদালত জানিয়েছে, বিয়ে ব্যক্তিগত পছন্দের বিষয়, তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মানুষের কাছে সঠিক তথ্য থাকা জরুরি। মামলাকারী তরুণী নিজের শারীরিক প্রতিবন্ধকতার উদাহরণ টেনে জানিয়েছেন, তাঁর মা-বাবার মধ্যে রক্তের সম্পর্ক থাকার কারণেই তিনি এই সমস্যার সম্মুখীন হয়েছেন। আবেদনে হিন্দু বিবাহ আইনের সপিণ্ড সম্পর্কের ক্ষেত্রে ছাড়ের বিষয়টি পুনর্বিবেচনা এবং বিবাহপূর্ব জেনেটিক কাউন্সেলিং ও স্ক্রিনিং বাধ্যতামূলক করার আর্জি জানানো হয়েছে।
তবে আদালত জানিয়েছে, এ ধরনের সামাজিক সংস্কারমূলক আইন প্রণয়ন করা সম্পূর্ণভাবে আইনসভার এক্তিয়ারভুক্ত। আদালত কোনো নির্দেশ না দিয়ে কেবল সরকারকে বিষয়টি খতিয়ে দেখতে এবং জনসচেতনতা গড়ে তোলার জন্য নোটিশ জারি করেছে। ইতিমধ্যে হয়ে যাওয়া বিবাহগুলিকে অবৈধ ঘোষণা বা অপরাধ হিসেবে গণ্য করার কোনো দাবি এই আবেদনে করা হয়নি।