লেবু দীর্ঘদিন সতেজ ও রসালো রাখার সহজ উপায়

লেবু দ্রুত শুকিয়ে যাওয়া বা পচে যাওয়া আটকাতে সঠিক সংরক্ষণ পদ্ধতি জানা অত্যন্ত জরুরি। লেবু দীর্ঘদিন টাটকা রাখার অন্যতম সহজ উপায় হলো এয়ারটাইট জিপলক ব্যাগ ব্যবহার করা। লেবু ধুয়ে জল শুকিয়ে ব্যাগের বাতাস বের করে সিল করে ফ্রিজের ভেজিটেবল বক্সে রাখলে তা অন্তত এক মাস সতেজ থাকে। এছাড়া একটি কাচের পাত্রে জল ভরে তাতে লেবু ডুবিয়ে ফ্রিজে রাখলে দুই থেকে তিন মাস পর্যন্ত লেবু নতুনের মতো নরম ও রসালো থাকে, তবে সপ্তাহে অন্তত একবার জল বদলে দেওয়া প্রয়োজন।
প্রতিটি লেবু আলাদা করে খবরের কাগজ বা টিস্যু পেপারে মুড়ে রাখলে তা বাতাসের সংস্পর্শ থেকে রক্ষা পায় এবং অতিরিক্ত আর্দ্রতা শুষে নিয়ে পচন রোধ করে। একইভাবে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে শক্ত করে মুড়ে রাখলে লেবুর রঙ, ঘ্রাণ ও পুষ্টিগুণ দুই থেকে তিন মাস পর্যন্ত অটুট থাকে। এই পদ্ধতিগুলো লেবুকে দীর্ঘসময় ভালো রাখতে বিশেষভাবে কার্যকর।
যদি প্রচুর পরিমাণে লেবু থাকে, তবে রস বের করে সংরক্ষণ করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। লেবুর রস আইস কিউব ট্রেতে ঢেলে ডিপ ফ্রিজে রেখে বরফ বানিয়ে নিন। এরপর সেই রসের কিউবগুলো জিপলক ব্যাগে ভরে রাখলে রান্নার সময় বা শরবত তৈরির প্রয়োজনে সহজেই ব্যবহার করা যায়। সঠিক যত্নে লেবু মাসের পর মাস সতেজ রাখা সম্ভব।