২২ ও ২৩ নভেম্বর ভারত সফরে আসছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী ২২ ও ২৩ নভেম্বর দুদিনের রাষ্ট্রীয় সফরে ভারতে আসছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। গত ২৭ মার্চ দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর। নেপালের বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২২ নভেম্বর তিনি নয়াদিল্লির উদ্দেশে রওনা হবেন। তাঁর সফরসঙ্গী হিসেবে থাকবেন অর্থমন্ত্রী, বিদেশমন্ত্রী এবং সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা।
সফরের দ্বিতীয় দিন অর্থাৎ ২৩ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন বালেন্দ্র শাহ। দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে যোগাযোগ ও জ্বালানি সংক্রান্ত একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাণিজ্য, পরিবহণ, বিনিয়োগ, পরিকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে।
নয়াদিল্লিতে অবস্থানকালে নেপালের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। এই সফরের অন্যতম আকর্ষণ ‘নেপাল-ভারত বিজনেস ফোরাম’-এ ভারতীয় শিল্পপতি ও বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় করবেন নেপালের প্রতিনিধি দল। নেপালে ভারতীয় বিনিয়োগ আকৃষ্ট করাই এই মঞ্চের মূল লক্ষ্য।
সরকারি প্রতিনিধি দলের পাশাপাশি ৫২ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলও এই সফরে অংশ নিচ্ছে। নেপালের বিদেশ মন্ত্রকের মতে, এই সফরের মাধ্যমে দুই প্রতিবেশী দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও মজবুত হবে। দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র পর্যালোচনা করে ভবিষ্যতে অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়াই এই সফরের মূল উদ্দেশ্য। ২৩ নভেম্বরই প্রধানমন্ত্রীর কাঠমান্ডুতে ফিরে যাওয়ার কথা রয়েছে।