কামাখ্যা-বঙাইগাঁও রেলপথে নিরাপত্তা ও পরিকাঠামো খতিয়ে দেখলেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের জিএম

উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার বিবেক খারে কামাখ্যা-নিউ বঙাইগাঁও সেকশনে এক গুরুত্বপূর্ণ পরিদর্শন সম্পন্ন করেছেন। এই পরিদর্শনের মূল লক্ষ্য ছিল রেলের পরিকাঠামো উন্নয়ন, যাত্রী সুরক্ষা এবং বন্যপ্রাণী সংরক্ষণ নিশ্চিত করা। পরিদর্শনের শুরুতে তিনি লেভেল ক্রসিং গেট নম্বর এনএন-২৭৪ এবং সংলগ্ন হাতি চলাচলের করিডোরটি খতিয়ে দেখেন। রেললাইন পারাপারের সময় হাতির নিরাপদ যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি ট্রেন চলাচলে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
ছয়গাঁও স্টেশনের পরিকাঠামো এবং পয়েন্টস অ্যান্ড ক্রসিং নম্বর ১২৫-এর প্রযুক্তিগত অবস্থা পর্যালোচনা করেন জেনারেল ম্যানেজার। এরপর ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত ঐতিহাসিক নরনারায়ণ সেতু এবং যোগীঘোপা প্রান্তের কার্ভ নম্বর ১৪-এর রক্ষণাবেক্ষণের মান খতিয়ে দেখা হয়। এছাড়া রংজুলির গতি শক্তি কার্গো টার্মিনাল পরিদর্শন করে পণ্য পরিবহণ পরিষেবার দক্ষতা বৃদ্ধির দিকগুলিও পর্যালোচনা করা হয়েছে। উইন্ডো ট্রেলিংয়ের মাধ্যমে পুরো রেললাইনের সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।
এই পরিদর্শনের সময় জেনারেল ম্যানেজারের সঙ্গে প্রিন্সিপাল চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, প্রিন্সিপাল চিফ অপারেশনস ম্যানেজার এবং রঙিয়া ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারসহ রেলের একাধিক বরিষ্ঠ আধিকারিক উপস্থিত ছিলেন। রেল কর্তৃপক্ষের মতে, নিয়মিত পরিদর্শন ও আগাম মূল্যায়নের মাধ্যমে সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করে দুর্ঘটনা প্রতিরোধে বিশেষ জোর দেওয়া হচ্ছে। যাত্রী সুরক্ষা, নিরবচ্ছিন্ন ট্রেন চলাচল এবং বন্যপ্রাণী সংরক্ষণ—এই তিনটি বিষয়কে অগ্রাধিকার দিয়েই রেল প্রশাসন তাদের কার্যক্রম পরিচালনা করছে।