রোহিঙ্গা গণহত্যায় মায়ানমারকে দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক আদালত

রোহিঙ্গা গণহত্যায় মায়ানমারকে দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক আদালত

জাতিসংঘের সর্বোচ্চ আদালত হেগের আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়া বনাম মায়ানমার মামলায় ঐতিহাসিক রায় প্রদান করা হয়েছে। আদালত রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মায়ানমার সামরিক বাহিনীর চালানো দমন-পীড়নকে গণহত্যা হিসেবে চিহ্নিত করে মায়ানমারকে দোষী সাব্যস্ত করেছে। ২০১৭ সালে মায়ানমারের সামরিক অভিযানের মুখে প্রায় ৭ লক্ষ ৩০ হাজারেরও বেশি রোহিঙ্গা মুসলিম প্রতিবেশী দেশ বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন।

এই রায়কে আন্তর্জাতিক ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এক বিবৃতিতে জানান, রোহিঙ্গা শরণার্থীদের নিজ বাসভূমিতে ফিরে যাওয়ার পথ সুগম করতে এই রায় সহায়ক হবে। তিনি জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যেন এই রায় কার্যকর করতে মায়ানমারকে বাধ্য করা হয়।

শেখ হাসিনা উল্লেখ করেন, ২০১৭ সালে প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি প্রায় ১০ লক্ষ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছিলেন। তিনি জানান, ওআইসি-র মাধ্যমে গাম্বিয়াকে আইনি ও আর্থিক সহায়তা প্রদান এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) বিষয়টি উত্থাপনের ক্ষেত্রে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শরণার্থী শিবির থেকে সাক্ষীদের সাক্ষাৎকার ও প্রমাণ সংগ্রহের মাধ্যমে এই বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করা হয়েছিল বলে তিনি দাবি করেন।

বিবৃতিতে তিনি বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, একসময় মানবাধিকার ও ন্যায়বিচারের পক্ষে নেতৃত্ব দেওয়া বাংলাদেশ বর্তমানে রাজনৈতিক অস্থিরতা ও মানবাধিকার লঙ্ঘনের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, বাংলাদেশ ভবিষ্যতে আবারও ঘুরে দাঁড়াবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *