তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়, উপস্থিত রাহুল গান্ধী ও তৃষা

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। রবিবার সকাল ১০টায় চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তিনি শপথবাক্য পাঠ করেন। এই ঐতিহাসিক শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং অভিনেত্রী তৃষা। বিজয়ের পাশাপাশি এদিন মন্ত্রিসভার আরও ৯ জন সদস্য শপথ গ্রহণ করেছেন।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজয়ের দল টিভিকে ২৩৪টি আসনের মধ্যে ১০৮টিতে জয়লাভ করে একক বৃহত্তম দল হিসেবে উঠে আসে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার ১১৮ স্পর্শ করতে ভিসিকে, আইইউএমএল, কংগ্রেস এবং বাম দলগুলোর নিঃশর্ত সমর্থন লাভ করে বিজয়ের জোট। ১২০টি আসন নিয়ে জোট সরকার গঠনের দাবি জানানোর পর রাজ্যপাল রাজেন্দ্র আরলেকার বিজয়কে মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করেন।
তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘদিনের প্রচলিত কংগ্রেস, ডিএমকে বা এআইএডিএমকে-র আধিপত্য ভেঙে প্রথমবারের মতো কোনো তৃতীয় শক্তির উত্থান ঘটল। বিজয়ের এই জয়কে অনেকেই এমজিআর বা এনটি রামা রাওয়ের রাজনৈতিক অভিষেকের সঙ্গে তুলনা করছেন। বিশেষ করে উত্তর তামিলনাড়ু ও চেন্নাইয়ের ১৬টি আসনের মধ্যে ১৪টিতেই জয় পেয়েছে তার দল। এমনকি কোলাথুর কেন্দ্রে বিদায়ী মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনকেও পরাজিত হতে হয়েছে।