গুরুদাসপুরে হেড কনস্টেবলকে গুলি করে খুন, দায় স্বীকার জঙ্গি সংগঠনের

গুরুদাসপুরে হেড কনস্টেবলকে গুলি করে খুন, দায় স্বীকার জঙ্গি সংগঠনের

পাঞ্জাবের গুরুদাসপুরে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারালেন হেড কনস্টেবল বিনোদ কুমার। গত ১৫ নভেম্বর রাতে প্রশিক্ষণ শেষে নিজের বাড়িতে ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে। মোটরসাইকেলে আসা দুই মুখোশধারী দুষ্কৃতী আচমকাই তাঁর পথ আটকায় এবং খুব কাছ থেকে মাথায় গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পুলিশকর্মীর। এই টার্গেট কিলিংয়ের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার দায় স্বীকার করেছে ‘তেহরিক-ই-তালিবান হিন্দুস্তান’ (TTH) নামের একটি সংগঠন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তারা দাবি করেছে, এই আক্রমণ তাদের ‘অপারেশন নূর’-এর অংশ। গোয়েন্দা সংস্থাগুলির প্রাথমিক ধারণা, এই ঘটনার নেপথ্যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং শাহজাদ ভাট্টির নেটওয়ার্ক থাকতে পারে। স্থানীয় তরুণদের ব্যবহার করে ছোট ছোট মডিউল তৈরি করে পুলিশকে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে সন্দেহ করা হচ্ছে।

এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। নিহত পুলিশকর্মীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে ২ কোটি টাকা আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পাঞ্জাব পুলিশ। তবে একের পর এক পুলিশকর্মী খুনের ঘটনায় রাজ্যের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *