ছোটবেলার দারিদ্র্য ও জীবনদর্শন নিয়ে মুখ খুললেন অনুপম খের

অভিনেতা অনুপম খের সম্প্রতি তাঁর জীবনের কঠিন সংগ্রামের দিনগুলোর কথা স্মরণ করেছেন। তিনি জানিয়েছেন, ছোটবেলায় অত্যন্ত দারিদ্র্যের মধ্যে বড় হয়েছেন তিনি। একটি ছোট্ট ঘরে পরিবারের ১৪ জন সদস্য একসঙ্গে থাকতেন। অভাবের সংসারে থেকেও সেই সময় সবাই খুব আনন্দেই দিন কাটাতেন। দারিদ্র্যের মধ্যেও কীভাবে এত খুশি থাকা সম্ভব, তা নিয়ে একবার তিনি তাঁর দাদুকে প্রশ্ন করেছিলেন। উত্তরে দাদু তাঁকে শিখিয়েছিলেন যে, যখন মানুষ খুব গরিব হয়, তখন আনন্দে থাকাটাই তাদের একমাত্র বিলাসিতা। এই শিক্ষা আজও তাঁর জীবনের পাথেয় হয়ে রয়েছে।
নিজের জীবনযাপন ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমাজের চাপিয়ে দেওয়া কোনো ছক তিনি মানেন না বলে স্পষ্ট জানিয়েছেন অনুপম। তাঁর মতে, সমাজ কী ভাবল বা বলল, তা অনুযায়ী তিনি কখনোই নিজের জীবনের সিদ্ধান্ত নেন না। যদি তিনি সমাজের প্রত্যাশাকে গুরুত্ব দিতেন, তবে শিমলার বাইরে বেরিয়ে আসা বা অভিনয় জগতে ৪৩ বছর ধরে টিকে থাকা তাঁর পক্ষে সম্ভব হতো না। হাতেগোনা কয়েকজন মানুষের মতামত ছাড়া বাইরের কোনো চাপই তিনি গায়ে মাখেন না।
অর্থের প্রয়োজনীয়তা স্বীকার করলেও লোভের বশবর্তী না হয়ে নিজেকে সংযত রাখাই তাঁর স্বভাব। স্বাধীনভাবে চলাফেরার স্বার্থেই তিনি আজ পর্যন্ত কোনো বাড়ি কেনেননি বা ব্যক্তিগত নিরাপত্তারক্ষী রাখেননি। কাজের ক্ষেত্রেও তিনি নিজের শর্তে চলেন। সম্প্রতি নীতীশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ছবির প্রথম পর্বে জটায়ুর চরিত্রে কণ্ঠ দিয়েছেন এই অভিনেতা। ছবিতে জটায়ু ও রাবণের লড়াইয়ের দৃশ্যটি ইতিমধ্যেই দর্শকদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে।