পাণ্ডুয়ায় পালিত ‘ফিট ইন্ডিয়া’ সাইকেল র্যালির শততম সংস্করণ

হুগলির পাণ্ডুয়ায় রবিবার সাড়ম্বরে পালিত হলো ‘ফিট ইন্ডিয়া সানডেস অন সাইকেল’ কর্মসূচির শততম সংস্করণ। ‘ইন্ডিয়া রেডি ফর অলিম্পিক’ বার্তার ওপর ভিত্তি করে আয়োজিত এই সাইকেল র্যালিতে স্থানীয় তরুণ-তরুণী ও বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রকের উদ্যোগে এবং ‘মাই ভারত’ হুগলি কেন্দ্রের সহযোগিতায় এই কর্মসূচিটি রূপায়িত হয়।
পাণ্ডুয়ার তিন্না মোড় থেকে রেগুলেটর মার্কেট পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এই সাইকেল র্যালিতে অংশ নেন স্থানীয় বিধায়ক তুষার মজুমদার। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের হুগলি জেলার দায়িত্বপ্রাপ্ত ডিস্ট্রিক্ট অফিসার সৈকত মন্ডল। দেশের অন্যান্য প্রান্তের মতো পাণ্ডুয়াতেও এই আয়োজনের মূল লক্ষ্য ছিল তরুণ প্রজন্মকে শরীরচর্চা, সুস্থ জীবনযাপন এবং খেলাধুলার প্রতি উৎসাহিত করা।
এই বিশেষ আয়োজনের মাধ্যমে অলিম্পিক আন্দোলনকে উদযাপনের পাশাপাশি সমাজকে নেশামুক্ত করার ডাক দেওয়া হয়েছে। বিধায়ক তুষার মজুমদার জানান, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে নেশামুক্ত ভারত ও বাংলা গড়ার লক্ষ্যেই এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পাণ্ডুয়াকে নেশামুক্ত করার অঙ্গীকার নিয়েই এই র্যালির আয়োজন করা হয়, যা স্থানীয় স্তরে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।