তিন পরিচয়ে মনোনয়ন জমা, শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হয়ে জয় বাতি কুমারীর

রাজস্থানের একটি গ্রামের সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে একই মহিলা কংগ্রেস, বিজেপি এবং নির্দল প্রার্থী হিসেবে তিনবার মনোনয়ন জমা দেন বলে জানা গিয়েছে। মহিলার নাম বাতি কুমারী। প্রতিবার তিনি আলাদা পোশাক ও ভিন্ন পরিচয়ে মনোনয়ন জমা দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রথমবার লাল শাড়ি পরে কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন বাতি কুমারী। সেই সময় তাঁর সঙ্গে প্রাক্তন বিধায়ক ওয়াজিব আলি ছিলেন বলে জানা গিয়েছে। কয়েক মিনিট পর সবুজ সালোয়ার-কামিজ পরে বিজেপি প্রার্থী হিসেবে ফের মনোনয়ন জমা দেন তিনি। ওই সময় তাঁর সঙ্গে বিধায়ক জওহর সিং বেধম ছিলেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। তৃতীয়বার হলুদ শাড়ি পরে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন বাতি কুমারী।
শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই তিনি নির্বাচনে জয়ী হন এবং জয়ের শংসাপত্র পান বলে জানা গিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কোনও একটি নির্দিষ্ট দলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী না থাকায় তিনি কংগ্রেস, বিজেপি ও নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন। নির্বাচনী নিয়ম অনুযায়ী, একজন প্রার্থী একটি ওয়ার্ড বা নির্বাচনী কেন্দ্রের জন্য সর্বোচ্চ চারটি মনোনয়নপত্র জমা দিতে পারেন। তবে ভোটে লড়তে হয় একটি নির্দিষ্ট দল বা নির্দল পরিচয়ে।
বাতি কুমারীর শ্বশুর অর্জুন প্রধান আগে ব্রজনগর পঞ্চায়েত সমিতির প্রধান ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিজেপির তরফে তাঁকে সমর্থন করা হয়েছিল বলেও দাবি করা হয়েছে।