লোকাল ট্রেনে শৃঙ্খলা ফেরাতে বারুইপুরে রেল পুলিশের বিশেষ অভিযান

লোকাল ট্রেনে যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে এবং শৃঙ্খলা ফেরাতে বারুইপুর স্টেশনে যৌথ অভিযান চালাল জিআরপি ও আরপিএফ। ট্রেনের কামরায় কামরায় ঘুরে মাইকিংয়ের মাধ্যমে যাত্রীদের সচেতন করা হয়। মূলত ট্রেনের দরজার সামনে ভিড় না করা এবং ওঠানামার পথে বাধা সৃষ্টি না করার বিষয়ে যাত্রীদের সতর্ক করা হয়েছে।
যাত্রাপথে ব্যক্তিগত সামগ্রীর নিরাপত্তা নিয়েও বিশেষ পরামর্শ দিয়েছে রেল পুলিশ। যাত্রীদের মোবাইল ফোন, ব্যাগ ও অন্যান্য মূল্যবান জিনিসপত্রের দিকে নিয়মিত নজর রাখার পাশাপাশি অপরিচিত কারও হাতে নিজের জিনিসপত্র না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া, ব্যাগ রেখে আসন দখল করে রাখার প্রবণতা কমাতেও যাত্রীদের সচেতন করা হয়েছে।
নিত্যযাত্রীদের একাংশের মতে, লোকাল ট্রেনে যাতায়াতের সময় আসন দখল, দরজার সামনে ভিড় এবং জিনিসপত্র খোয়া যাওয়ার মতো সমস্যা প্রায়ই ঘটে। এই ধরনের বিশৃঙ্খলা রুখতে রেল পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকে। ট্রেনে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীদের স্বচ্ছন্দ যাতায়াত নিশ্চিত করাই এই অভিযানের মূল লক্ষ্য বলে রেল পুলিশ জানিয়েছে। এই সচেতনতামূলক প্রচার কতটা ফলপ্রসূ হয়, এখন সেটাই দেখার বিষয়।