হরমুজ প্রণালীতে নৌ-মাইনের ধাক্কায় তেলবাহী জাহাজে আগুন, দাবি ইরানের

হরমুজ প্রণালীর পূর্ব দিকে একটি নিষিদ্ধ এলাকায় প্রবেশের সময় নৌ-মাইনের ধাক্কায় একটি তেলবাহী জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। ইরানের নৌবাহিনীর দাবি, জাহাজটি নিজেদের পরিচয় ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখে ওই এলাকায় প্রবেশ করেছিল। নিয়ম লঙ্ঘনকারী আরও দুটি জাহাজের সঙ্গে এটি গোপনে প্রণালী অতিক্রমের চেষ্টা করছিল বলে অভিযোগ। ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম মেনে চলা এবং যাত্রার আগে সমন্বয় করা বাধ্যতামূলক।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের দাবি, ওমানের খাসাব বন্দরের কাছে এবং হরমুজ প্রণালীর পূর্ব দিকে অননুমোদিত পথে যাওয়ার সময় জাহাজগুলো মাইনের কবলে পড়ে। নৌবাহিনীর মতে, ওই জলপথের নিষিদ্ধ অংশটি মাইন পেতে রাখা হয়েছে এবং মার্কিন সামরিক বাহিনীর আকাশপথে সহায়তাও এই সংঘর্ষ এড়াতে সক্ষম নয়। এই ঘটনার প্রেক্ষিতে ইরানের নৌবাহিনীর প্রধান শাহরাম ইরানি জানিয়েছেন, দেশের মর্যাদা ও জনগণের প্রতি সম্মান প্রদর্শন না করা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ রাখা হবে।
অন্যদিকে, ইরানের সেনাবাহিনী জানিয়েছে, শনিবার ভোরে সিরিক কাউন্টির উপকূলে একটি মাছ ধরার নৌকায় মার্কিন ড্রোন আঘাত হেনেছে। এই ঘটনায় নৌকায় থাকা তিনজনের মধ্যে দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নৌকার মালিকের সন্ধানে তল্লাশি অভিযান চলছে। সামগ্রিক পরিস্থিতিতে এই অঞ্চলে নিরাপত্তা বজায় রাখতে বিভিন্ন দেশের প্রতি উস্কানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ইরান।