ভারতে মুক্তি পাচ্ছে না ফাওয়াদ-মাহিরার পাকিস্তানি সিরিজ, নেটফ্লিক্সের সিদ্ধান্ত

ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত পাকিস্তানি সিরিজটি ভারতে মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নেটফ্লিক্স। সিরিজটির ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই ভারতে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন এবং ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের মতো চলচ্চিত্র সংগঠনগুলো এই সিরিজ প্রদর্শনের তীব্র বিরোধিতা করে। তারা এই বিষয়ে হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠিও পাঠিয়েছিল।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নেটফ্লিক্সকে পাকিস্তানি কনটেন্ট প্রদর্শনের সরকারি নিয়মাবলি স্মরণ করিয়ে দিয়েছে। মূলত ২০২৫ সালের মে মাসে জারি করা সরকারি নির্দেশিকার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই নির্দেশিকায় জাতীয় নিরাপত্তার স্বার্থে ওটিটি প্ল্যাটফর্ম ও ডিজিটাল মাধ্যমে পাকিস্তানি ওয়েব সিরিজ, সিনেমা, গান ও পডকাস্ট প্রচার বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছিল। পহেলগাঁওতে জঙ্গি হামলার পরবর্তী সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে এই কড়া অবস্থান নেয় সরকার।
নেটফ্লিক্স কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতীয় দর্শকদের জন্য এই সিরিজটি আর উপলব্ধ হবে না এবং প্ল্যাটফর্মের আসন্ন তালিকা থেকেও এটি সরিয়ে ফেলা হচ্ছে। যদিও বিভিন্ন প্ল্যাটফর্মে এখনও কিছু পাকিস্তানি কনটেন্ট দেখা যায়, তবে বর্তমান রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতি বিবেচনা করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চলচ্চিত্র সংগঠনগুলোর চাপ এবং সরকারি নির্দেশিকার মুখে দাঁড়িয়ে শেষ পর্যন্ত সিরিজটি ভারতে মুক্তি না দেওয়ার পথেই হাঁটছে নেটফ্লিক্স।