কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ধৃত ২

কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ধৃত ২

রবিবার কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষা চলাকালীন চুঁচুড়া থানা এলাকার বিভিন্ন কেন্দ্রে জালিয়াতির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম নিশিকান্ত বিশ্বাস ও সুখেন ঘোষ। জানা গিয়েছে, তালডাঙা গড়বাটি স্কুল এবং চকবাজারের একটি বিএড কলেজ কেন্দ্রে অন্য প্রার্থীর হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন ওই দুই যুবক।

পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় নিরাপত্তারক্ষীরা তল্লাশি চালিয়ে তাঁদের প্যান্টের ভেতর থেকে মোবাইল ফোন উদ্ধার করেন। এরপর সন্দেহ হওয়ায় তাঁদের অ্যাডমিট কার্ড যাচাই করা হয়। সেখানে থাকা ছবির সঙ্গে পরীক্ষার্থীদের মুখের মিল না পাওয়ায় জালিয়াতির বিষয়টি প্রকাশ্যে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁদের চুঁচুড়া থানায় নিয়ে গিয়ে গ্রেফতার করা হয়।

চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার বিধিভঙ্গ, বেআইনিভাবে মোবাইল রাখা এবং ভুয়ো অ্যাডমিট কার্ড ব্যবহারের অভিযোগে ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। সোমবার তাঁদের চুঁচুড়া জেলা আদালতে পেশ করা হবে। উল্লেখ্য, রবিবার চুঁচুড়ার ১১টি কেন্দ্রে মোট ৩ হাজার ৭৫০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পরীক্ষার নিয়ম অনুযায়ী ক্যালকুলেটর, বই, খাতা বা কোনো ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে প্রবেশ নিষিদ্ধ ছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *