ওটিটি মুক্তির জল্পনায় জল ঢাললেন ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রা

রণবীর কাপুর অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’-এর ওটিটি মুক্তি নিয়ে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটালেন ছবির প্রযোজক নমিত মালহোত্রা। প্রেক্ষাগৃহে ছবি দেখার বদলে অনেকেই ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তির অপেক্ষায় থাকেন। তবে এই ছবির ক্ষেত্রে দর্শকদের সেই অপেক্ষা আরও দীর্ঘ হতে চলেছে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন নির্মাতারা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নমিত মালহোত্রা জানান, ‘রামায়ণ’-এর ওটিটি স্বত্ব এখনও পর্যন্ত কোনও প্ল্যাটফর্মের কাছে বিক্রি করা হয়নি। এমনকি এই মুহূর্তে ডিজিটাল মুক্তির জন্য কোনও চুক্তি করার পরিকল্পনাও নেই তাঁদের। প্রযোজকের মতে, এই ছবির সঙ্গীত এবং দৃশ্যের বিশালতা বড় পর্দাতেই সবচেয়ে ভালোভাবে উপভোগ করা সম্ভব। তাই দর্শকদের প্রেক্ষাগৃহে গিয়েই ছবিটি দেখার জন্য উৎসাহিত করছেন তাঁরা।
প্রযোজক আরও জানিয়েছেন, প্রচলিত মুক্তির নিয়ম অনুসরণ করতে তাঁরা আগ্রহী নন। ওটিটিতে ছবিটি ভবিষ্যতে মুক্তি পেলেও এখনই তা নিয়ে কোনও তাড়াহুড়ো নেই নির্মাতাদের। আপাতত তাঁদের একমাত্র লক্ষ্য দর্শকদের প্রেক্ষাগৃহে টেনে আনা। ফলে যারা ওটিটিতে ছবিটি দেখার অপেক্ষায় রয়েছেন, তাঁদের আরও বেশ কয়েক মাস অপেক্ষা করতে হবে বলে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন নমিত মালহোত্রা।