গত সপ্তাহে ইউক্রেনে ১৯৬০টি ড্রোন ও ১৬০০টি বোমা নিক্ষেপ রাশিয়ার

গত এক সপ্তাহে ইউক্রেনের ওপর ব্যাপক সামরিক হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এই সময়ের মধ্যে রুশ বাহিনী ১,৯৬০টিরও বেশি ড্রোন, ১,৬০০টিরও বেশি গাইডেড এরিয়াল বোমা এবং ৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। শীতের তীব্রতাকে কাজে লাগিয়ে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন।
জেলেনস্কির তথ্য অনুযায়ী, ভিনিৎসিয়া, কিরোভোহরাদ, রিভনে, খারকিভ এবং ওডেসার মতো অঞ্চলে অবস্থিত বিদ্যুৎ সাবস্টেশনগুলো রুশ হামলার শিকার হয়েছে। সামরিক স্থাপনার পাশাপাশি আবাসিক এলাকাগুলোতেও আঘাত হানা হয়েছে। ওডেসার একটি বহুতল অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে ড্রোন হামলায় এক নারী নিহত হয়েছেন। এছাড়া জাপোরিঝিয়াতে আবাসিক এলাকায় গাইডেড বোমা হামলায় আরও এক নারী প্রাণ হারিয়েছেন।
জাপোরিঝিয়াতে ধ্বংসস্তূপের নিচে থেকে ১৪ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করা সম্ভব হলেও সে তার পরিবারের সদস্যদের হারিয়েছে। উদ্ধারকাজ ও মেরামতের কাজে নিয়োজিত জরুরি পরিষেবা কর্মীদের প্রশংসা করেছেন জেলেনস্কি। একইসঙ্গে ইউক্রেনের আকাশসীমা রক্ষায় নিয়োজিত সেনাদের ধন্যবাদ জানিয়ে তিনি আন্তর্জাতিক অংশীদারদের কাছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য জরুরি আর্থিক ও সামরিক সহায়তার আবেদন পুনর্ব্যক্ত করেছেন।