ভারতের উত্থান রুখতে পাকিস্তানকে মদত দিচ্ছে চিন, চাঞ্চল্যকর মার্কিন রিপোর্টে উদ্বেগ

আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের ক্রমবর্ধমান প্রভাব ও উত্থানকে রুখতে বেজিং বহুমুখী কৌশল গ্রহণ করেছে বলে মার্কিন কংগ্রেসের এক রিপোর্টে দাবি করা হয়েছে। ইউএস-চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশনের ২০২৬ সালের বার্ষিক রিপোর্টে বলা হয়েছে, ভারত এশিয়ায় ক্ষমতার ভারসাম্য বজায় রাখার পাশাপাশি বিশ্বজুড়ে চিনা সরবরাহ শৃঙ্খলের এক বড় বিকল্প হয়ে উঠতে পারে। এই সম্ভাবনাকে নস্যাৎ করতেই চিন অর্থনৈতিক চাপ সৃষ্টি এবং প্রযুক্তিগত নিয়ন্ত্রণকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
রিপোর্টে ভারত ও পাকিস্তানের মধ্যকার সংঘাতের প্রসঙ্গ টেনে চিনের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিশেষ করে পহেলগামে জঙ্গি হামলার পর ভারতের চালানো অভিযানের সময় চিন পাকিস্তানকে সরাসরি কারিগরি সহায়তা দিয়েছিল বলে উল্লেখ করা হয়েছে। বেজিংয়ের এই ধরনের পদক্ষেপ ভারতের সামনে দুই ফ্রন্টে যুদ্ধের আশঙ্কাকে আরও বাড়িয়ে তুলেছে। সরাসরি যুদ্ধে না জড়িয়েও সংকটের মুহূর্তে চিন কীভাবে পাকিস্তানকে সামরিকভাবে শক্তিশালী করে তুলতে পারে, তা এই রিপোর্টে স্পষ্ট হয়েছে।
ভারত মহাসাগরে চিনের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়েও মার্কিন কমিশন সতর্কবার্তা দিয়েছে। সামুদ্রিক বাণিজ্যপথের নিয়ন্ত্রণ নিতে এবং ভারতের কৌশলগত সুবিধা খর্ব করতে চিনা নৌবাহিনী তৎপরতা বাড়াচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় মার্কিন কংগ্রেসকে ভারতের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং সমুদ্রতলের নজরদারি ব্যবস্থা আরও নিবিড় করার সুপারিশ করেছে ওই প্যানেল। এছাড়া দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে বিশেষ লিডারশিপ এক্সচেঞ্জ প্রোগ্রাম চালুর প্রস্তাবও দেওয়া হয়েছে।