বৈভব সূর্যবংশীর সঙ্গে শচীন তেন্ডুলকরের তুলনা নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়

তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশীর সঙ্গে কিংবদন্তি শচীন তেন্ডুলকরের তুলনা টানার বিষয়ে নিজের আপত্তি স্পষ্ট করলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি এক অনুষ্ঠানে সৌরভ জানান, শচীন তেন্ডুলকরের সঙ্গে কারও তুলনা করা উচিত নয়। তাঁর মতে, একজন ক্রিকেটার হিসেবে শচীনের দক্ষতা ছিল অবিশ্বাস্য এবং তাঁর সমসাময়িক বোলিং আক্রমণ ছিল অত্যন্ত শক্তিশালী।
সৌরভ উল্লেখ করেন, শচীন তাঁর দীর্ঘ কেরিয়ারে কার্টলি অ্যামব্রোস, গ্লেন ম্যাকগ্রা, ওয়াসিম আক্রম ও মুত্তিয়া মুরলীধরনের মতো বিশ্বমানের বোলারদের মোকাবিলা করেছেন। সেই কঠিন সময়ে ১০০টি আন্তর্জাতিক শতরান করা এক অনন্য কৃতিত্ব। বর্তমান ক্রিকেটের সঙ্গে শচীনের সময়ের ক্রিকেটের পার্থক্য তুলে ধরে সৌরভ বলেন, আধুনিক ক্রিকেটের ধরন ও বোলিং আক্রমণের চরিত্র সম্পূর্ণ বদলে গিয়েছে, তাই দুই প্রজন্মের ক্রিকেটারদের পারফরম্যান্সের তুলনা করা যুক্তিযুক্ত নয়।
বৈভবের ব্যাটিং দক্ষতার প্রশংসা করলেও সৌরভ মনে করেন, তাঁর খেলার ধরন শচীনের থেকে আলাদা। বৈভবের আগ্রাসী ব্যাটিংয়ের ধরনকে তিনি একটি বিশেষ দক্ষতা হিসেবেই দেখছেন। তবে এখনই বৈভবের ওপর শচীনের মতো কিংবদন্তির তুলনা চাপিয়ে না দিয়ে তাঁকে নিজের মতো করে এগিয়ে যাওয়ার সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন মহারাজ। দীর্ঘ কেরিয়ারের শুরুতে থাকা বৈভবের ওপর প্রত্যাশার চাপ না বাড়িয়ে তাঁর স্বাভাবিক বিকাশের পক্ষেই মত দিয়েছেন সৌরভ।