ঝাড়খণ্ডের রামগড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা, শিশু ও মহিলা-সহ মৃত ১৩ পুণ্যার্থী

ঝাড়খণ্ডের রামগড় জেলায় রাঁচী-পটনা জাতীয় সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় ১৩ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। শনিবার রাত ২টো নাগাদ কুজু থানা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। বিহারের নালন্দা জেলার বাসিন্দা ১৪ জন পুণ্যার্থী একটি স্করপিও গাড়িতে চেপে ঝাড়খণ্ডের রাজরাপ্পার মা ছিন্নমস্তা মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন। পথেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।
দুর্ঘটনার তীব্র শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধারকাজ শুরু করেন। দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি থেকে ১৪ জনকে উদ্ধার করে স্থানীয় সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ১৩ জনকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদের মধ্যে চারজন মহিলা এবং চারজন শিশু রয়েছেন। দুর্ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র যাত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে। উল্লেখ্য, গত কয়েকদিনের মধ্যে রামগড় এলাকায় এটি দ্বিতীয় বড় দুর্ঘটনা। এর আগে একটি ডাম্পার ও পিকআপ ভ্যানের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছিল। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।