হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের জল্পনার মাঝে বাংলাদেশের সীমান্তে কড়া নজরদারি

শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের জল্পনার আবহে বাংলাদেশের ভারত সীমান্তবর্তী এলাকাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন এলাকায় অশান্তি ও অনুপ্রবেশ রুখতে বিএনপি এবং জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকরা রাত জেগে পাহারা দিচ্ছেন। বিশেষ করে দিনাজপুর, জামালপুর, বেনাপোল ও কুমিল্লার মতো সীমান্তবর্তী অঞ্চলগুলিতে স্থানীয়দের সক্রিয়তা বৃদ্ধি পেয়েছে। বাইক নিয়ে টহল দেওয়ার পাশাপাশি তারা সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-কে তথ্য দিয়ে সহায়তা করছেন বলে জানা গেছে।
বিজিবি-র শীর্ষ আধিকারিক মহম্মদ মেহবুব মোরশেদ রহমান জানিয়েছেন, সীমান্ত নিরাপত্তার মূল দায়িত্ব বাহিনীর হাতেই রয়েছে। তবে স্থানীয়দের সচেতনতা বৃদ্ধি পাওয়ায় তারা বিভিন্নভাবে বিজিবি-কে সাহায্য করছেন। এদিকে, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি ও সম্ভাব্য বিক্ষোভ মোকাবিলায় ঢাকা, গোপালগঞ্জসহ সাতটি জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
গত কয়েক দিনে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বাস, ট্রেন, বিদ্যুৎ উপকেন্দ্র ও থানায় হামলার অভিযোগ উঠেছে। ঢাকা থেকে আওয়ামী লীগের ৪৫ জন কর্মীসহ মোট ৪৪২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজ়ার কাছে আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে যুবলীগের এক কর্মী নিহত হয়েছেন এবং ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।