কোলাঘাটে দ্রুতগতির গাড়ির ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু, মৃত পর্যটকও

দিঘা যাওয়ার পথে কোলাঘাটে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক সাইকেল আরোহী মহিলা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অত্যন্ত দ্রুত গতিতে আসা একটি পর্যটকবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ওই মহিলাকে ধাক্কা মারে এবং পরে একটি হোটেলের ভেতরে ঢুকে যায়। ঘটনাস্থলেই ওই মহিলার মৃত্যু হয়। মৃত ওই মহিলা কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের থার্মাল প্রজেক্টে কর্মরত ছিলেন। সকালে সাইকেলে করে কাজে যাওয়ার সময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার কবলে পড়া গাড়িটিতে থাকা পর্যটকদের মধ্যে এক যুবকের মৃত্যু হয়েছে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে। এছাড়া আরও চারজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। বাকিদের মেচেদার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। পর্যটকদের বাড়ি হাওড়ার লিলুয়া এলাকায় বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাস্থল থেকে মদের বোতল ও গ্লাস উদ্ধার করা হয়েছে। অভিযোগ, গাড়িতে থাকা পর্যটকরা মদ্যপ অবস্থায় ছিলেন। ঘটনার পর কোলাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করেছে। এই দুর্ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।