গঙ্গার জলবণ্টন চুক্তির মেয়াদ শেষের পথে, ভারত ও বাংলাদেশের সামনে কী বিকল্প?

ভারত ও বাংলাদেশের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার জলবণ্টন চুক্তির ৩০ বছরের মেয়াদ ১২ ডিসেম্বর শেষ হওয়ার কথা। মেয়াদ শেষ হওয়ার আগে চুক্তির ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। কয়েকটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশ নতুন চুক্তির বদলে পুরনো চুক্তির মেয়াদ বাড়ানোর পক্ষে। তবে দুই দেশের অবস্থান এবং আলোচনার অগ্রগতি নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।
গঙ্গার জলবণ্টন নিয়ে ভারত ও বাংলাদেশের টানাপড়েনের ইতিহাস ১৯৫০-এর দশক থেকে। পশ্চিমবঙ্গের ফরাক্কায় একটি বাঁধ তৈরির সিদ্ধান্ত নেয় ভারত সরকার। প্রস্তাবিত বাঁধটি বর্তমান ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে। ১৯৬১ সালে নির্মাণকাজ শুরু হয় এবং ১৯৭৫ সালে তা শেষ হওয়ার পর ফরাক্কা বাঁধের মাধ্যমে গঙ্গার জল হুগলি নদীতে প্রবাহিত হতে শুরু করে। হুগলি নদীতে জমে থাকা পলি সরিয়ে কলকাতা বন্দরের নাব্যতা বজায় রাখা এবং বড় জাহাজ চলাচলের সুবিধা নিশ্চিত করাই ছিল এর মূল উদ্দেশ্য।
বাঁধ নির্মাণের সময় থেকেই জলবণ্টন নিয়ে বিতর্ক দেখা দেয়। ১৯৭৬ সালে তা আরও তীব্র হয়। তৎকালীন বাংলাদেশের আওয়ামী লীগ নেতা মওলানা ভাসানি ভারতের জলনীতি এবং ফরাক্কা বাঁধের বিরোধিতা করে ফরাক্কা লং মার্চের নেতৃত্ব দেন। তাঁর অভিযোগ ছিল, বাঁধের কারণে পদ্মা নদীতে জলের প্রবাহ কমে যাচ্ছে। পরবর্তী সময়ে ১৯৭৭, ১৯৮২ এবং ১৯৮৫ সালে দুই দেশের মধ্যে একাধিক অন্তর্বর্তী চুক্তি হলেও স্থায়ী সমাধান হয়নি।
১৯৯৬ সালের ডিসেম্বর মাসে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুই দেশ গঙ্গার জলবণ্টন চুক্তিতে সই করে। চুক্তিতে ৩০ বছরের জন্য একটি জলবণ্টন কাঠামো তৈরি হয়। প্রতি বছর শুষ্ক মরসুমে, অর্থাৎ জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত, গঙ্গার জল কীভাবে ভাগ হবে তা নির্ধারণ করা হয়। চুক্তির বাস্তবায়ন এবং জলপ্রবাহ পর্যবেক্ষণের জন্য একটি যৌথ কমিটিও গঠন করা হয়।
চুক্তির আওতায় ১৯৪৯ থেকে ১৯৮৮ সালের ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে প্রতি ১০ দিনের গড় জলপ্রবাহ ধরে জলবণ্টনের তিনটি স্তর নির্ধারণ করা হয়। ফরাক্কায় জলপ্রবাহ ৭০ হাজার কিউসেক বা তার কম হলে দুই দেশ সমান পরিমাণ জল পাবে। জলপ্রবাহ ৭০ হাজার থেকে ৭৫ হাজার কিউসেকের মধ্যে হলে বাংলাদেশ ৩৫ হাজার কিউসেক পাবে এবং বাকি জল ভারত পাবে। জলপ্রবাহ ৭৫ হাজার কিউসেক বা তার বেশি হলে ভারত ৪০ হাজার কিউসেক পাবে এবং অবশিষ্ট জল বাংলাদেশ পাবে।
চুক্তিতে ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত তিনটি পর্যায়ক্রমিক ১০ দিনের পর্বে দুই দেশেরই ৩৫ হাজার কিউসেক করে জল পাওয়ার বিধান রয়েছে। ন্যূনতম জলপ্রাপ্তির স্থায়ী নিশ্চয়তা না থাকলেও জরুরি পরিস্থিতির জন্য একটি ব্যবস্থা রাখা হয়েছে। কোনও ১০ দিনের পর্বে ফরাক্কায় জলপ্রবাহ ৫০ হাজার কিউসেকের নীচে নেমে গেলে দুই দেশের সরকার জরুরি ভিত্তিতে আলোচনায় বসবে। ন্যায্যতা, সমতা এবং কোনও পক্ষের ক্ষতি না করার নীতি মেনে তখন সিদ্ধান্ত নেওয়ার কথা।
জলবণ্টন নিয়ে বিরোধ হলে প্রথমে তা যৌথ কমিটিতে সমাধানের চেষ্টা করা হবে। দুই দেশের সমান সংখ্যক প্রতিনিধিকে নিয়ে এই কমিটি গঠিত। সেখানে সমাধান না হলে বিষয়টি জয়েন্ট রিভার্স কমিশনে পাঠানোর বিধান রয়েছে। ১৯৭২ সালে অভিন্ন নদীগুলির জলবণ্টন নিয়ে আলোচনার জন্য ভারত ও বাংলাদেশ এই কমিশন গঠন করেছিল।
চুক্তির বিভিন্ন শর্ত নিয়ে সাম্প্রতিক বছরগুলিতে দুই দেশেই মতবিরোধ দেখা দিয়েছে। জনসংখ্যা বৃদ্ধি, ভবিষ্যতের জলচাহিদা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব চুক্তিতে যথেষ্ট গুরুত্ব পায়নি বলে অভিযোগ রয়েছে। ৩০ বছরের মেয়াদ শেষে দুই দেশের পারস্পরিক সম্মতিতে চুক্তি নবীকরণের ব্যবস্থা থাকলেও, শর্তগুলি নতুন করে পর্যালোচনার প্রয়োজনীয়তার কথা দুই পক্ষই জানিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশের অন্যতম দাবি হল ন্যূনতম জলপ্রাপ্তির নিশ্চয়তা ফিরিয়ে আনা। কয়েকটি রিপোর্ট অনুযায়ী, ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত সময়ে নিজেদের অতিরিক্ত চাহিদা মেটাতে ভারত আরও ৩০ হাজার থেকে ৩৫ হাজার কিউসেক জল চেয়েছিল। নতুন চুক্তির মেয়াদ ১০ থেকে ১৫ বছর করার প্রস্তাব দেওয়া হতে পারে বলেও রিপোর্টে দাবি করা হয়েছে। অন্যদিকে, পিটিআইয়ের একটি প্রতিবেদনে বলা হয়েছে, যৌথ নদী কমিশনের বৈঠকে বাংলাদেশ ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে ৪০ হাজার কিউসেক জল পাওয়ার নিশ্চয়তা, দীর্ঘ মেয়াদের চুক্তি এবং বন্যা সংক্রান্ত তথ্য আদানপ্রদানের উন্নত ব্যবস্থা চেয়েছিল।
চুক্তির ভবিষ্যৎ নিয়ে আলোচনায় দুই দেশের সামগ্রিক কূটনৈতিক সম্পর্কও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে। ২০২৪ সালের অগাস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে রয়েছেন। তাঁর প্রত্যর্পণ নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে টানাপড়েন চলছে। ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি জয়ী হওয়ার পর কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছিল, গঙ্গার জলবণ্টন চুক্তির নবীকরণ নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতির নিশ্চিত তথ্য নেই।
২০২৫ সালের এপ্রিল মাসে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি একতরফাভাবে স্থগিত রাখার ভারতের সিদ্ধান্তের পর গঙ্গার জলবণ্টন চুক্তির ভবিষ্যৎ নিয়েও আগ্রহ বেড়েছে। তবে ভারত ও বাংলাদেশের চুক্তি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নির্ভর করবে দুই দেশের আলোচনার ফল এবং পারস্পরিক সম্মতির উপর।