অনলাইনে কফি অর্ডার করে অস্বস্তিতে যুবক, ডেলিভারি কর্মীর প্রশ্নে তৈরি বিতর্ক

অফিসে কাজের ফাঁকে অনলাইনে কফি অর্ডার করে এক যুবক চরম অস্বস্তিতে পড়েছেন। ওই যুবক জানিয়েছেন, অফিসের কাছেই কফির দোকান থাকলেও অ্যাপে ডিসকাউন্ট থাকায় তিনি ১১০ টাকায় কফি অর্ডার করেন। অর্ডার করার কিছুক্ষণ পরেই তাঁকে জানানো হয়, একজন বিশেষভাবে সক্ষম ডেলিভারি কর্মী খাবার পৌঁছে দিতে আসছেন। দোকানটি কাছে হওয়ায় মাত্র কয়েক মিনিটের মধ্যেই ডেলিভারি কর্মী কফি নিয়ে হাজির হন।
কফি হাতে দেওয়ার সময় ডেলিভারি কর্মী যুবককে প্রশ্ন করেন, “আপনিই কি এটা অর্ডার করেছেন?” ডেলিভারি কর্মীর গলার স্বর শুনে যুবকের মনে হয়, এত কম দূরত্বের অর্ডারের জন্য তাঁকে আসতে হওয়ায় তিনি হয়তো হতাশ হয়েছেন। এই ঘটনার পর থেকেই যুবক নিজেকে অপরাধী মনে করতে শুরু করেন এবং রেডিটে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করে পরামর্শ চান।
যুবকের এই পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে জোর চর্চা। অধিকাংশ ব্যবহারকারী তাঁকে আশ্বস্ত করে জানিয়েছেন, এতে অপরাধবোধের কিছু নেই। তাঁদের মতে, এই অর্ডারের মাধ্যমেই ডেলিভারি কর্মীর রোজগার হয়েছে এবং এটি তাঁর পেশারই অংশ। এছাড়া ডেলিভারি কর্মীরা সাধারণত সঠিক গ্রাহককে খাবার দিচ্ছেন কি না, তা নিশ্চিত করতেই এমন প্রশ্ন করে থাকেন। তাই বিষয়টিকে নেতিবাচকভাবে দেখার প্রয়োজন নেই বলে মনে করছেন অনেকে।