বীরভূমে ছাদে কাপড় মেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু গৃহবধূর

বীরভূমের রামপুরহাটের হাসপাতাল পাড়া এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন মল্লিকা ঘোষ নামে এক গৃহবধূ। শনিবার সকালে বাড়ির ছাদে কাপড় মেলতে গিয়ে এই বিপত্তি ঘটে। জানা গিয়েছে, ওই ছাদের ওপর দিয়ে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার গিয়েছে। ছাদে পড়ে থাকা একটি লোহার রড সরানোর সময় অসাবধানতাবশত সেটি বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসে। এর ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন মল্লিকাদেবী।
ঘটনাটি দেখে তাঁকে বাঁচাতে ছুটে যান তাঁর মা মঞ্জু ঘোষ। মেয়েকে উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তড়িঘড়ি দুজনকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা মল্লিকা ঘোষকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে মঞ্জু ঘোষ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবার সূত্রে জানা গেছে, মল্লিকাদেবীর মেয়ে ডাক্তারি পড়ুয়া। শুক্রবারই সে দ্বিতীয় বর্ষের পরীক্ষায় ভালো ফল করে উত্তীর্ণ হয়েছিল। মেয়ের এই সাফল্যে পরিবারে আনন্দের পরিবেশ ছিল। কিন্তু পরের দিনই এমন মর্মান্তিক ঘটনায় সেই আনন্দ নিমেষে বিষাদে পরিণত হয়। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।