নাগরিকত্ব পাওয়ার আগেই ভোটার তালিকায় সনিয়া গাঁধীর নাম, আদালতে জানাল দিল্লি পুলিশ

নাগরিকত্ব পাওয়ার আগেই ভোটার তালিকায় সনিয়া গাঁধীর নাম, আদালতে জানাল দিল্লি পুলিশ

কংগ্রেস নেত্রী সনিয়া গাঁধীর নাগরিকত্ব পাওয়ার আগেই তাঁর নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ছিল বলে দিল্লির রাউজ় অ্যাভিনিউ আদালতে দাবি করেছে দিল্লি পুলিশ। আইনজীবী বিকাশ ত্রিপাঠীর করা একটি অভিযোগের ভিত্তিতে আদালত পুলিশের কাছে ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ তলব করেছিল। সেই রিপোর্টেই পুলিশ জানিয়েছে, ১৯৮৩ সালে সনিয়া গাঁধী ভারতের নাগরিকত্ব পান, অথচ ১৯৮০ সালের ভোটার তালিকায় তাঁর নাম ছিল। জেলাশাসক এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে বলে পুলিশের দাবি।

পুলিশের রিপোর্টে আরও জানানো হয়েছে, অভিযোগটি আইপি এস্টেট থানার আওতাভুক্ত না হওয়ায় মামলাটি তুঘলক রোড থানায় স্থানান্তর করা হয়েছে। তদন্তের স্বার্থে দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিককে নোটিস পাঠানো হলেও এখনও তার জবাব পাওয়া যায়নি। এছাড়া ১৯৮০ ও ১৯৮৩ সালের ভোটার তালিকায় নাম থাকলেও, ফর্ম ৬ বা অন্যান্য প্রয়োজনীয় নথি এখনও খুঁজে পাওয়া যায়নি। এই নথিপত্র জেলাশাসকের দফতরে রয়েছে বলে জানা গিয়েছে, যা বর্তমানে তদন্তসাপেক্ষ।

তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য পুলিশের তরফে আদালতের কাছে আরও সময় চাওয়া হয়েছে। আদালত সেই আবেদন মঞ্জুর করে আগামী ১৪ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। ওই দিন তুঘলক রোড থানার ওসি-কে আদালতে সশরীরে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত এই বিষয়ে কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *