জন্ম শংসাপত্র পেতে দীর্ঘ ভোগান্তি দিনহাটার বাসিন্দার, অবশেষে মিলল আবাসিক শংসাপত্র

জন্ম শংসাপত্র পেতে দীর্ঘ ভোগান্তি দিনহাটার বাসিন্দার, অবশেষে মিলল আবাসিক শংসাপত্র

দিনহাটা মহকুমা হাসপাতালে মেয়ের জন্ম শংসাপত্র পেতে দীর্ঘ ভোগান্তির শিকার হলেন চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের খাটামারি সুংসুঙ্গির বাজারের বাসিন্দা আব্দুল হাবিব। গত ৮ সেপ্টেম্বর তাঁর স্ত্রী আমিনা খাতুন কন্যাসন্তানের জন্ম দেন। এরপর ১১ সেপ্টেম্বর হাবিব মেয়ের জন্ম শংসাপত্রের জন্য আবেদন করতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর কাছে আবাসিক শংসাপত্র দাবি করে। কিন্তু এসআইআর-এর সময় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় হাবিবের পক্ষে সেই নথি জোগাড় করা কঠিন হয়ে পড়েছিল।

অভিযোগ, গ্রাম পঞ্চায়েত প্রধানের অনুপস্থিতি এবং পদত্যাগের জেরে পঞ্চায়েত অফিস থেকে প্রয়োজনীয় শংসাপত্র পেতে দেরি হয়। স্থানীয় বিধায়কের সঙ্গে যোগাযোগ করেও কোনো সুরাহা না মেলায় হাবিবকে বিভিন্ন দপ্তরে দৌড়ঝাঁপ করতে হয়। অবশেষে দীর্ঘ প্রচেষ্টার পর দিনহাটা-২ ব্লকের বিডিও অফিস থেকে তিনি আবাসিক শংসাপত্রটি হাতে পান। বিডিও ল্যামু ওয়াই ওয়াংদি বিষয়টি নিশ্চিত করেছেন।

আবাসিক শংসাপত্র পাওয়ার পর হাবিব মেয়ের জন্ম শংসাপত্রের জন্য পুনরায় আবেদন করেছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটির জন্ম নিবন্ধনের শংসাপত্র অনলাইনে পাওয়া যাবে এবং এর জন্য আরও এক থেকে দেড় মাস সময় লাগতে পারে। দীর্ঘ আইনি ও প্রশাসনিক জটিলতার পর শংসাপত্র পাওয়ার প্রক্রিয়া শুরু হলেও, চূড়ান্ত নথি হাতে না পাওয়া পর্যন্ত দুশ্চিন্তা কাটছে না ওই বাবার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *