লাহোরে তীব্র খাদ্য ও জ্বালানি সংকট, রুটির দাম বৃদ্ধির দাবিতে বিক্ষোভ ব্যবসায়ীদের

পাকিস্তানের লাহোরে তীব্র খাদ্য ও জ্বালানি সংকট দেখা দিয়েছে। ভর্তুকিযুক্ত আটা ব্যবহারের অভিযোগে পঞ্জাব এনফোর্সমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি বেশ কিছু দোকানে অভিযান চালিয়েছে। অনুমতি ছাড়া আটা মজুত বা ব্যবহারের দায়ে প্রশাসন আটটি দোকান সিল করে দিয়েছে। এই ঘটনার প্রতিবাদে রুটি বিক্রেতাদের অ্যাসোসিয়েশনের সদস্যরা ডেপুটি কমিশনারের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন।
অ্যাসোসিয়েশনের সভাপতি আফতাব গিল জানিয়েছেন, আগে ১১০০ টাকায় ১০ কেজির আটার বস্তা কিনে ১৭ টাকায় রুটি বিক্রি করা সম্ভব হতো। কিন্তু বর্তমানে আটার বস্তার দাম বেড়ে ১২৭৫ টাকা হওয়ায় ব্যবসায়ীদের ওপর আর্থিক চাপ তৈরি হয়েছে। এর পাশাপাশি এলপিজির দাম বৃদ্ধি এবং গ্যাসের তীব্র ঘাটতি রুটি উৎপাদন প্রক্রিয়াকে ব্যাহত করছে। বর্তমান পরিস্থিতিতে আগের দামে রুটি বিক্রি করা ব্যবসায়ীদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।
লাহোরে প্রায় ১৫,০০০ রুটির দোকান রয়েছে এবং প্রতিদিন ৮০ কেজির ১৫,০০০ বস্তা আটার প্রয়োজন হয়। এই সংকট নিরসনে অ্যাসোসিয়েশন রুটির দাম বাড়িয়ে ৩০ টাকা করার জন্য ডেপুটি কমিশনারের কাছে লিখিত আবেদন জানিয়েছে। ৪ ডিসেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা। পাকিস্তানের ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট ও মুদ্রাস্ফীতির ফলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন।