বিয়ের রিসেপশনের মঞ্চে মৃত্যুর কোলে ঢলে পড়লেন চিকিৎসক

বিয়ের আনন্দঘন মুহূর্ত নিমেষেই শোকের ছায়ায় ঢেকে গেল বিহারের পূর্ণিয়ায়। ২৬ নভেম্বর নিজের রিসেপশন অনুষ্ঠানে আচমকাই অসুস্থ হয়ে মৃত্যু হলো পবন কুমার যাদব নামে এক আয়ুষ চিকিৎসকের। পাটনার বাসিন্দা পবন ২৫ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। পরদিন কনের গ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে বর ও কনেকে নিয়ে পরিবারের সদস্যরা বাড়ি ফেরেন। সন্ধ্যায় আয়োজিত রিসেপশন অনুষ্ঠানে আত্মীয়-স্বজন ও আমন্ত্রিতরা নবদম্পতিকে আশীর্বাদ করছিলেন।
অনুষ্ঠান চলাকালীন মঞ্চে বসে থাকা অবস্থায় হঠাৎ জ্ঞান হারান পবন। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে ফালকা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে পূর্ণিয়ার একটি উন্নততর হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। স্বামীর মৃত্যুর খবর শুনে কনেও জ্ঞান হারান বলে জানা গেছে। একদিনের ব্যবধানে বিয়ের উৎসব শোকের আবহে পরিণত হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, এর আগে উত্তরপ্রদেশের গাজিপুরেও বিয়ের আসরে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছিল। সেখানে ডিজে গানের তালে নাচানাচি নিয়ে বিবাদের জেরে মদ্যপ যুবকের হামলায় প্রাণ হারান পাত্র। বন্দুকের বাঁট দিয়ে মাথায় আঘাতের ফলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই দুই ঘটনায় বিয়ের আনন্দ মুহূর্তে বিষাদে পরিণত হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।