মালদহে পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছেঁড়ার অভিযোগ, শিক্ষককে সাসপেন্ড করল পর্ষদ

মালদহে পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছেঁড়ার অভিযোগ, শিক্ষককে সাসপেন্ড করল পর্ষদ

মালদহের চাঁচল সিদ্ধেশ্বরী ইন্সটিটিউশনের এক শিক্ষকের বিরুদ্ধে পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার জেরে ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন পড়ুয়ার অভিভাবক। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে।

এই ঘটনার প্রেক্ষিতে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। জেলা পরিদর্শকের (ডিআই) কাছ থেকে ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছিল। সেই রিপোর্টের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে পর্ষদ। শুক্রবার রাতে ই-মেলের মাধ্যমে এই নির্দেশিকা বিদ্যালয়ে পৌঁছায় বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থ চক্রবর্তী।

ওই শিক্ষকের বিরুদ্ধে পড়ুয়ার সঙ্গে দুর্ব্যবহার এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিঘ্নিত করার অভিযোগ আনা হয়েছে। পর্ষদের নির্দেশ অনুযায়ী, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ওই শিক্ষক সাসপেন্ড থাকবেন এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলেও নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *