নারী সংরক্ষণ বিল নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ প্রধানমন্ত্রী, বাদল অধিবেশনের আগে তাৎপর্যপূর্ণ বার্তা

সংসদের বাদল অধিবেশনের বর্ধিত পর্ব শুরুর প্রাক্কালে নারী সংরক্ষণ বিল নিয়ে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার এক ভিডিও বার্তায় তিনি স্পষ্ট করেছেন যে, মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ নিশ্চিত করতে তাঁর সরকার সংকল্পবদ্ধ। প্রধানমন্ত্রী জানিয়েছেন, নারীশক্তির প্রতি দেওয়া প্রতিশ্রুতি পূরণ এখন কেবল সময়ের অপেক্ষা। তিনি আরও বলেন, এই লক্ষ্য অর্জনের পথে আসা প্রতিটি বাধা অতিক্রম করতে সরকার বদ্ধপরিকর।
আগামী সোমবার থেকে শুরু হতে চলা সংসদের বিশেষ পর্বে সংবিধানের ১৩১তম সংশোধনী বিল পাস করানোর উদ্যোগ নিতে পারে কেন্দ্র। এই বিলের মূল লক্ষ্য হলো লোকসভার আসন সংখ্যা বৃদ্ধি এবং পুনর্বিন্যাস করে মহিলা সংরক্ষণ কার্যকর করা। উল্লেখ্য, ২০২৩ সালে ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ পাস হলেও তা বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। সংবিধান সংশোধনী বিলের জন্য সংসদের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হয়, যা অর্জনের জন্য সরকার এখন মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে।
গত এপ্রিলে এই সংক্রান্ত বিল পেশের সময় প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় তা পাস করানো সম্ভব হয়নি। তবে এবার পরিস্থিতি ভিন্ন। শাসকজোট এনডিএ-র বাইরে থাকা বেশ কিছু রাজনৈতিক দলের সমর্থন আদায়ের দাবি করেছে কেন্দ্রীয় নেতৃত্ব। ডিএমকে এবং এনসিপি (শরদ)-সহ একাধিক বিরোধী দলের পক্ষ থেকে এই বিলের সমর্থনে ইতিবাচক ইঙ্গিত পাওয়া গিয়েছে। সব মিলিয়ে, নারী সংরক্ষণ বিল পাস করানোর জন্য প্রয়োজনীয় ম্যাজিক সংখ্যা প্রায় ছুঁয়ে ফেলেছে মোদী সরকার বলে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে।