আলিপুরদুয়ারে পথ দুর্ঘটনায় মৃত অ্যাম্বুল্যান্স চালক, প্রাণে বাঁচলেন রোগী

শনিবার মাদারিহাট থেকে এক মুমূর্ষু রোগীকে নিয়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের দিকে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে একটি অ্যাম্বুল্যান্স। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কন্টেনারের সঙ্গে অ্যাম্বুল্যান্সটির ধাক্কা লাগলে ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক সঞ্জয় বসুমাতারির। মৃত চালক অসমের বাসিন্দা ছিলেন এবং মাদারিহাটের একটি হাসপাতালে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, গুয়াহাটির দিক থেকে শিলিগুড়িগামী একটি গাড়ি প্রথমে সামনে থাকা কন্টেনারটিকে ধাক্কা মারে। সেই ধাক্কার জেরেই কন্টেনারটি নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুল্যান্সের ওপর আছড়ে পড়ে। এর ফলে অ্যাম্বুল্যান্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক সঞ্জয় বসুমাতারি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনার পর অ্যাম্বুল্যান্সে থাকা রোগী অক্ষত অবস্থায় বেঁচে গিয়েছেন। স্থানীয়দের সহায়তায় তাঁকে দ্রুত উদ্ধার করে অন্য একটি গাড়িতে করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখার দাবি তুলেছেন স্থানীয়রা।