গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সমাদৃত বাংলা ছবি, উচ্ছ্বসিত রুদ্রনীল ঘোষ

গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলা সিনেমার সাফল্য নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। উৎসবে যোগ দিতে গোয়ায় পৌঁছে তিনি সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করেছেন। সেখানে বহু পরিচিত মানুষের সঙ্গে তাঁর দেখা হয়েছে বলে জানিয়েছেন অভিনেতা। তবে এবারের উৎসবে বাংলা ছবির নির্বাচন ও স্বীকৃতিকেই সবচেয়ে আনন্দের বিষয় বলে মনে করছেন তিনি।
রুদ্রনীল জানান, এবারের উৎসবে ‘বেস্ট ডেবিউ ডিরেক্টর’ বিভাগে পরিচালক সমর্পণ সেনগুপ্ত এবং প্রযোজক অভিজিৎ চট্টোপাধ্যায়ের ছবি ‘প্রত্যাবর্তন’ প্রদর্শিত হয়েছে। পাশাপাশি, প্যানোরামা বিভাগে জায়গা করে নিয়েছে পরিচালক শেখর দাশের ছবি ‘পাগলা ঘোড়া’। সর্বভারতীয় স্তরের এমন একটি চলচ্চিত্র উৎসবে বাংলা ছবির এই উপস্থিতি গোটা বাংলা চলচ্চিত্র জগতের কাছে অত্যন্ত গর্বের ও আনন্দের খবর বলে তিনি মন্তব্য করেছেন।
অভিনেতার মতে, আঞ্চলিক ভাষার ছবির জন্য জাতীয় স্তরের এমন মঞ্চে জায়গা করে নেওয়া বাংলা সিনেমার পরিচিতি ও বিস্তারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে উৎসবে অঞ্জন দত্ত, রূপা গঙ্গোপাধ্যায়, শিলাজিৎ এবং খরাজ মুখোপাধ্যায়ের মতো পরিচিত মুখদের অনুপস্থিতি তাঁকে কিছুটা হতাশ করেছে। তাঁরা উপস্থিত থাকলে আড্ডা ও আলোচনা আরও জমে উঠত বলে জানিয়েছেন রুদ্রনীল।