টোল ফাঁকি রুখতে কড়া কেন্দ্র, নম্বর প্লেট ঢাকলে দিতে হবে ৬০০ টাকা জরিমানা

টোল প্লাজায় টোল ফাঁকি দেওয়ার প্রবণতা রুখতে নতুন নিয়ম চালু করল কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক। এখন থেকে ইচ্ছাকৃতভাবে গাড়ির নম্বর প্লেট ঢেকে রাখা বা তাতে কারসাজি করলে মূল টোলের পাঁচ গুণ জরিমানা দিতে হবে। অর্থাৎ ১০০ টাকা টোলের ক্ষেত্রে ৫০০ টাকা জরিমানা এবং মূল ১০০ টাকা মিলিয়ে মোট ৬০০ টাকা দিতে হবে। শুধুমাত্র নম্বর প্লেট নয়, ইচ্ছাকৃতভাবে ফাস্ট্যাগ না লাগিয়ে টোল এড়ানোর চেষ্টা করলেও একই জরিমানার মুখে পড়তে হবে চালকদের। তবে টোল ফাঁকি দেওয়ার উদ্দেশ্য প্রমাণিত হলেই কেবল এই নিয়ম কার্যকর হবে।
ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া এই সমস্যার সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্য নিচ্ছে। ‘ভেহিকল ফিঙ্গারপ্রিন্টিং’ প্রযুক্তির পাশাপাশি সরকারি তথ্যভাণ্ডার ‘বাহন’-এর মাধ্যমে গাড়ির পরিচয় ও মালিকের খোঁজ করা হবে। মূলত মাল্টি-লেন ফ্রি ফ্লো টোল প্লাজার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে, যেখানে গাড়ি না থামিয়েই স্বয়ংক্রিয়ভাবে টোলের টাকা কেটে নেওয়া হয়। বর্তমানে গুজরাটের চোরিয়াসি ও দিল্লির মুন্ডকাসহ বেশ কিছু জায়গায় এই ব্যবস্থা চালু রয়েছে।
তবে প্রযুক্তিগত ত্রুটি বা ফাস্ট্যাগে পর্যাপ্ত টাকা না থাকার কারণে লেনদেন ব্যর্থ হলে এই জরিমানা প্রযোজ্য হবে না। ইচ্ছাকৃতভাবে টোল এড়ানোর চেষ্টার ক্ষেত্রেই কেবল এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান নিয়ম অনুযায়ী, টোলের টাকা বকেয়া থাকলে ই-নোটিস পাঠানো হয়। নোটিস পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে টাকা মিটিয়ে দিলে শুধু মূল টোলের টাকাই দিতে হয়। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলে বকেয়া টোলের পরিমাণ দ্বিগুণ হয়ে যায়।