এসআরএফটিআই-এ ধর্নামঞ্চ ভাঙল পুলিশ, মুখ ঢাকা ব্যক্তিদের উপস্থিতি নিয়ে তুঙ্গে বিতর্ক

এসআরএফটিআই-এ ধর্নামঞ্চ ভাঙল পুলিশ, মুখ ঢাকা ব্যক্তিদের উপস্থিতি নিয়ে তুঙ্গে বিতর্ক

শনিবার ভোরে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই) ক্যাম্পাসে পুলিশি অভিযানের মাধ্যমে পড়ুয়াদের ধর্নামঞ্চ ভেঙে দেওয়া হয়েছে। পড়ুয়াদের অভিযোগ, কোনো আগাম নোটিস ছাড়াই প্রায় ১৫০-২০০ জন পুলিশকর্মী এবং মুখ ঢাকা ৩০-৪০ জন ব্যক্তি ক্যাম্পাসে প্রবেশ করেন। সেই সময় মঞ্চে ঘুমন্ত অবস্থায় থাকা পড়ুয়াদের সরিয়ে দিয়ে জোরপূর্বক মঞ্চ ভাঙা হয় এবং ব্যক্তিগত সামগ্রী নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় বেশ কয়েকজন পড়ুয়া জখম হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

আন্দোলনরত পড়ুয়াদের দাবি, পুলিশের সঙ্গে থাকা মুখ ঢাকা ব্যক্তিরা কারা, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। অভিযানের সময় পুলিশ মাইকে ১৪৪ ধারা জারির কথা ঘোষণা করে। তবে কর্তৃপক্ষের দাবি, আলিপুরের দ্বিতীয় আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশ মেনেই ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩(২) ধারা অনুযায়ী এই অস্থায়ী কাঠামো সরানো হয়েছে। দীর্ঘ ৬০ দিন ধরে চলা আন্দোলনের ফলে প্রশাসনিক কাজকর্ম ও পঠনপাঠন ব্যাহত হচ্ছিল বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

কর্তৃপক্ষের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বারবার সতর্কতা সত্ত্বেও বেআইনি কাঠামো না সরানোয় ক্যাম্পাসের নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অনিরাপদ বৈদ্যুতিক সংযোগ ও বহিরাগতদের প্রবেশের মতো বিষয়গুলো প্রতিষ্ঠানের পরিকাঠামোর জন্য ঝুঁকিপূর্ণ ছিল। অন্যদিকে, পড়ুয়ারা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং ব্যক্তিগত সামগ্রী কেড়ে নেওয়ার প্রতিবাদে সরব হয়েছেন। শনিবারের এই ঘটনার পর ক্যাম্পাস চত্বরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *