ফ্রান্সে টিয়ারগ্যাসের প্রভাবে নারী স্বাস্থ্যের অবনতি, গর্ভপাত ও রক্তক্ষরণের অভিযোগ

ফ্রান্সে বিক্ষোভ দমনের সময় পুলিশের ছোড়া টিয়ারগ্যাসের প্রভাবে বহু নারী ও কিশোরীর প্রজনন স্বাস্থ্যের মারাত্মক ক্ষতির অভিযোগ উঠেছে। বিক্ষোভ নিয়ন্ত্রণে মাত্র ১০ ঘণ্টায় প্রায় ২২ হাজার টিয়ারগ্যাস শেল ব্যবহার করা হয়েছিল। এর সংস্পর্শে আসা নারীদের মধ্যে তীব্র রক্তক্ষরণ, অসহনীয় পেটব্যথা, চুল পড়া এবং ঋতুস্রাবজনিত জটিলতার মতো সমস্যা দেখা দিয়েছে। ভুক্তভোগীদের দাবি, এই রাসায়নিক গ্যাসের প্রভাবে তাদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
ল্যাক্রিমোস দে স্যাং নামে একটি সংগঠনের সংগৃহীত তথ্যে ৯ হাজার ২০০ জনেরও বেশি নারী ও কিশোরীর অভিজ্ঞতা উঠে এসেছে, যার মধ্যে ৯৪ শতাংশই স্ত্রীরোগজনিত সমস্যার কথা জানিয়েছেন। এর মধ্যে গর্ভপাতের ঘটনাও রয়েছে। টিয়ারগ্যাসের সংস্পর্শে আসা ৪৭ জন অন্তঃসত্ত্বা নারীর মধ্যে ১৫ জন গর্ভপাত ঘটার কথা জানিয়েছেন। চিকিৎসকদের মতে, টিয়ারগ্যাসের রাসায়নিক উপাদান জরায়ুর সংকোচন ঘটাতে পারে, যা গর্ভাবস্থার শুরুতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
এর আগে হংকং ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন আন্দোলনেও টিয়ারগ্যাসের পর ঋতুস্রাবজনিত জটিলতার অভিযোগ উঠেছিল। তবে ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, সরকারি গবেষণায় বিশেষ স্বাস্থ্যঝুঁকির প্রমাণ মেলেনি এবং তারা এই সমস্যার পেছনে মানসিক চাপকে দায়ী করেছে। যদিও গবেষক ও মানবাধিকারকর্মীরা এই দাবি প্রত্যাখ্যান করে সাধারণ মানুষের ওপর নির্বিচারে টিয়ারগ্যাস ব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছেন। নারী স্বাস্থ্যের ওপর এই রাসায়নিকের দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে।