গোয়ায় টাউনশিপ প্রকল্পে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের, লঙ্ঘিত স্থিতাবস্থার নির্দেশ

গোয়ায় টাউনশিপ প্রকল্পে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের, লঙ্ঘিত স্থিতাবস্থার নির্দেশ

গোয়ার কারাপুরে অভিনন্দন লোধার ‘ওয়ান গোয়া’ আবাসন প্রকল্পের নির্মাণ কাজ স্থগিত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি অপরেশ কুমার সিংয়ের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আদালতের তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট পক্ষগুলিকে নির্মাণ সংক্রান্ত বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখতে হবে। পাশাপাশি, টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং ডিপার্টমেন্টের দেওয়া প্রযুক্তিগত অনুমোদন এবং নির্মাণ লাইসেন্সের কার্যকারিতাও স্থগিত রাখা হয়েছে।

পিটিশনকারীদের অভিযোগ, গত বছর জুলাই মাসে সুপ্রিম কোর্ট স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্মাণ লাইসেন্স প্রদান করেছিল। এই ঘটনার প্রেক্ষিতে গোয়ার প্রধান শহর পরিকল্পনাবিদ ভার্টিগা ডাগুর এবং শহর পরিকল্পনাবিদ শিবপ্রসাদ মুরারির বিরুদ্ধে আদালত অবমাননার একটি পৃথক আবেদনও দায়ের করা হয়েছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত এই প্রকল্পের জন্য নির্মাণ লাইসেন্স জারি করেছিল, যা এখন আদালতের নির্দেশে স্থগিত হয়ে গেল।

উল্লেখ্য, গত বছরের মার্চ মাসে বম্বে হাইকোর্ট গোয়া টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিংয়ের সংশোধিত বিধিমালা বাতিল করেছিল। এরপর রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আপিল করলে, শীর্ষ আদালত হাইকোর্টের আদেশ বহাল রেখে সংশ্লিষ্ট প্লটগুলিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছিল। কারাপুর গ্রামের স্থানীয় বাসিন্দারা দীর্ঘ সময় ধরে এই প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছিলেন। আদালতের এই সাম্প্রতিক নির্দেশের বিষয়ে হাউস অফ অভিনন্দন লোধার মুখপাত্র জানিয়েছেন, আদেশের অনুলিপি পাওয়ার পর তারা বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *