তপসিয়ায় তৃণমূলের পুরনো ভবন সিল করল পুলিশ, ঘটনাস্থলে পৌঁছলেন কুণাল ঘোষ

তপসিয়ায় তৃণমূলের পুরনো ভবন সিল করল পুলিশ, ঘটনাস্থলে পৌঁছলেন কুণাল ঘোষ

তপসিয়ায় অবস্থিত তৃণমূল কংগ্রেসের পুরনো ভবনটি শুক্রবার পুলিশ সিল করে দিয়েছে। বাইপাস থেকে ওই ভবনে ঢোকার রাস্তাটিও ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে ভবনটি নির্মীয়মাণ অবস্থায় রয়েছে। গত কয়েকদিন ধরে তৃণমূলের একটি অংশ এবং আইটি সেলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এই ভবনে নিয়মিত বসার আহ্বান জানানো হচ্ছিল। এমনকি নির্মীয়মাণ ভবনের নিচে বৈঠকও করা হয়েছিল।

এই ঘটনার খবর পেয়ে শুক্রবার রাতে ঘটনাস্থলে পৌঁছন উত্তর কলকাতার জেলা সভাপতি কুণাল ঘোষ এবং দক্ষিণ কলকাতার জেলা সভাপতি বৈশ্বানর চট্টোপাধ্যায়। সেখানে আনন্দপুর থানার পুলিশের সঙ্গে তাঁদের আলোচনা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবনটি নির্মীয়মাণ হওয়ায় তা ব্যবহারের জন্য পুরসভার প্রয়োজনীয় শংসাপত্র নেই। সেই কারণেই নিরাপত্তার খাতিরে ভবনটি সিল করা হয়েছে।

পুলিশ ও তৃণমূল নেতৃত্বের মধ্যে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয় যে, আপাতত ওই ভবনে কেউ বসবেন না। এরপর পুলিশ ব্যারিকেড আংশিক সরিয়ে নেওয়ার আশ্বাস দেয়। তবে দলের অভ্যন্তরীণ বিষয় সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসা নিয়ে তৃণমূলের অন্দরে ক্ষোভ বাড়ছে। দলের অনেক গোপন তথ্য ফেসবুকের মাধ্যমে বাইরে চলে আসায় প্রবীণ নেতারা অস্বস্তিতে পড়েছেন বলে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *