প্রকাশিত উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফল, পাশের হার ৯২.৬২ শতাংশ

প্রকাশিত উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফল, পাশের হার ৯২.৬২ শতাংশ

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ২০২৭ সালের তৃতীয় সেমেস্টারের পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। এ বছর পরীক্ষায় মোট ৭ লক্ষ ১৮ হাজার ৫৭৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল, যার মধ্যে ছাত্রের সংখ্যা ৩ লক্ষ ১০ হাজার ৯৯৬ এবং ছাত্রীর সংখ্যা ৩ লক্ষ ৯৪ হাজার ৩২৫। সামগ্রিক ভাবে পাশের হার ৯২.৬২ শতাংশ। ছাত্রদের পাশের হার ৯২.৫৮ শতাংশ এবং ছাত্রীদের পাশের হার ৯২.৬৮ শতাংশ। পরীক্ষার্থীরা সংসদের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে ও ডাউনলোড করতে পারছেন।

বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে ৯৮ শতাংশ, বাণিজ্য বিভাগে ৯৮.১১ শতাংশ এবং কলা বিভাগে ৯১ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। জেলাভিত্তিক সাফল্যের নিরিখে ৯৫.৫৮ শতাংশ পাশের হার নিয়ে নদিয়া প্রথম স্থানে রয়েছে। এরপর যথাক্রমে পূর্ব মেদিনীপুর ও হাওড়া জেলা রয়েছে। কলকাতা ৯৩.৪৫ শতাংশ পাশের হার নিয়ে তালিকায় অষ্টম স্থানে অবস্থান করছে। সংসদ জানিয়েছে, শহরের কিছু স্কুলের ফলাফলের কারণে সামগ্রিক গড়ের নিরিখে কলকাতা পিছিয়ে পড়েছে, যেখানে গ্রামাঞ্চলের স্কুলগুলি ভালো ফল করে প্রতিযোগিতায় এগিয়ে আসছে।

এ বছর ৭১টি বিষয়ে ১৫টি ভাষায় পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষা চলাকালীন ১৯টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে এবং সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের পরীক্ষা বাতিল করা হয়েছে। এছাড়া ৭৩ জন পরীক্ষার্থী হাসপাতালে থেকে এবং ২,৪৭৬ জন বিশেষ ভাবে সক্ষম পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। আপাতত অনলাইন থেকে প্রাপ্ত ফলাফলই পরীক্ষার্থীরা ব্যবহার করতে পারবেন, চূড়ান্ত সেমেস্টারের ফল প্রকাশের সময় মূল মার্কশিট প্রদান করা হবে। এ বছর তৃতীয় সেমেস্টারের জন্য কোনো মেধাতালিকা প্রকাশ করা হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *