ডিলিমিটেশন বিলের তীব্র বিরোধিতার পথে কংগ্রেস, সংসদীয় বৈঠকে রণকৌশল ঠিক করলেন রাহুল গান্ধী

প্রস্তাবিত ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিল কংগ্রেস। শুক্রবার নয়াদিল্লিতে সোনিয়া গান্ধীর বাসভবনে আয়োজিত কংগ্রেসের সংসদীয় কৌশল কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বৈঠকে স্পষ্ট জানিয়েছেন, সংসদে দলের সদস্য সংখ্যা যাই থাকুক না কেন, এই বিলের তীব্র বিরোধিতা করবে কংগ্রেস। বিজেপির রাজনৈতিক স্বার্থেই এই বিল ফের উত্থাপন করা হচ্ছে বলে দলের অন্দরে মত প্রকাশ করেছেন তিনি।
কংগ্রেস সাংসদ গৌরব গগৈ জানিয়েছেন, লোকসভায় বর্তমান আসন সংখ্যা বজায় রাখা, বর্তমান আসনের ভিত্তিতেই মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ এবং আগামী ২৫ বছর পর্যন্ত বিভিন্ন রাজ্যের আসন সংখ্যার অনুপাত অপরিবর্তিত রাখার দাবি জানিয়েছে দল। ডিলিমিটেশন প্রক্রিয়ার মাধ্যমে সরকার ভোটারদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে বলেও অভিযোগ তুলেছেন তিনি। এছাড়া নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে প্রধান বিরোধী দলটি।
উল্লেখ্য, গত এপ্রিল মাসে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার অভাবে বিলগুলো সংসদে পাশ হয়নি। তবে আগামী সোমবার সংসদ অধিবেশন শুরু হলে এর সংশোধিত সংস্করণ উত্থাপনের সম্ভাবনা রয়েছে। কংগ্রেসের ধারণা, বিজেপি এবার প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে সক্ষম হয়েছে। ডিএমকে, এনসিপি-র একাংশ এবং তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সমর্থন এনডিএ-র পাল্লা ভারী করতে পারে বলে মনে করছে কংগ্রেস। এই পরিস্থিতিতে বিরোধী জোটের পরবর্তী পদক্ষেপ নিয়ে শনিবার মিত্র দলগুলোর সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস নেতৃত্ব।