দলের অন্দরে শৃঙ্খলা ফেরাতে কড়া বার্তা রাজ্য বিজেপি নেতৃত্বের

দলের অন্দরে শৃঙ্খলা ফেরাতে কড়া বার্তা রাজ্য বিজেপি নেতৃত্বের

রাজ্য বিজেপির অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব ও নেতাদের প্রকাশ্য বাগবিতণ্ডা রুখতে কঠোর অবস্থান নিল দলীয় নেতৃত্ব। এখন থেকে দলের কোনো নেতা বা বিধায়ক নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে সংবাদমাধ্যমে কোনো মন্তব্য করতে পারবেন না। সোমবার রুদ্ধদ্বার বৈঠকে এই সংক্রান্ত একটি নির্দিষ্ট গাইডলাইন চূড়ান্ত করেছেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ, এখন থেকে ‘কথা কম, কাজ বেশি’ মন্ত্রেই পরিচালিত হবে সংগঠন।

নতুন নির্দেশিকা অনুযায়ী, মুখ্যমন্ত্রী, রাজ্য সভাপতি, মুখপাত্র এবং প্রাক্তন রাজ্য সভাপতিরা ছাড়া অন্য কোনো নেতা দলের অভ্যন্তরীণ বিষয়ে সংবাদমাধ্যমে মুখ খুলতে পারবেন না। বিধায়ক ও মন্ত্রীদের ক্ষেত্রেও নিজ নিজ দপ্তর বা এলাকার বাইরে কোনো বিষয়ে প্রতিক্রিয়া দেওয়া নিষিদ্ধ করা হয়েছে। দলের অন্য কোনো নেতার বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।

সম্প্রতি ব্যারাকপুর, পানিহাটি ও হুগলির একাধিক নেতার প্রকাশ্য মন্তব্য ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অডিও ক্লিপ নিয়ে অস্বস্তিতে ছিল রাজ্য বিজেপি। নেতৃত্বের মতে, এই ধরনের ঘটনা সাধারণ মানুষের কাছে ভুল বার্তা দিচ্ছে এবং সরকারের ভালো কাজগুলো আড়ালে পড়ে যাচ্ছে। এই পরিস্থিতির পরিবর্তন ঘটাতেই শমীক ভট্টাচার্য ও সুনীল বনসল কড়া পদক্ষেপের পথে হাঁটলেন। নির্দেশ পাওয়ার পর পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়ে বিবৃতিও প্রকাশ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *