ডিলিমিটেশন বিলের বিরোধিতায় অনড় কংগ্রেস, সংসদীয় কৌশল নিয়ে বৈঠকে রাহুল গান্ধী

সংসদে সরকারের নতুন করে আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল আনার উদ্যোগের মোকাবিলায় প্রস্তুতি শুরু করেছে বিরোধী শিবির। শুক্রবার নয়াদিল্লিতে সোনিয়া গান্ধীর বাসভবনে কংগ্রেসের সংসদীয় কৌশল কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী স্পষ্ট জানিয়েছেন, সংসদে দলের পর্যাপ্ত সংখ্যা থাকুক বা না থাকুক, এই বিলের তীব্র বিরোধিতা করবে কংগ্রেস। বিজেপির রাজনৈতিক স্বার্থেই এই বিল ফের উত্থাপন করা হচ্ছে বলে দলের অন্দরে মত প্রকাশ করেছেন তিনি।
কংগ্রেস সাংসদ গৌরব গগৈ জানিয়েছেন, লোকসভায় বর্তমান আসন সংখ্যা বজায় রাখা এবং সেই ভিত্তিতেই মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের দাবি জানিয়েছে দল। পাশাপাশি, আগামী ২৫ বছর পর্যন্ত বিভিন্ন রাজ্যের আসন সংখ্যার অনুপাত অপরিবর্তিত রাখার পক্ষেও তারা। ডিলিমিটেশন প্রক্রিয়ার মাধ্যমে সরকার ভোটারদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
উল্লেখ্য, গত এপ্রিল মাসে সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না থাকায় ডিলিমিটেশন সংক্রান্ত বিলগুলো পাশ হয়নি। তবে আগামী সোমবার থেকে শুরু হতে চলা সংসদ অধিবেশনে এর সংশোধিত সংস্করণ উত্থাপনের সম্ভাবনা রয়েছে। কংগ্রেসের ধারণা, বিজেপি এবার প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে সক্ষম হয়েছে। কার্তি চিদাম্বরমসহ দলের একাধিক নেতার ইঙ্গিত, ডিএমকে ও এনসিপি-র মতো কিছু দল তাদের অবস্থান পরিবর্তন করতে পারে, যা নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।