বাংলা অ্যাকাডেমি ও চারুকলা পর্ষদে আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তে কমিশন

পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমি এবং রাজ্য চারুকলা পর্ষদের আর্থিক হিসাব ও নথিপত্রে বড়সড় গরমিলের অভিযোগে তদন্ত শুরু করেছে কমিশন। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে কমিশনের একটি দল শুক্রবার দুপুরে নন্দন চত্বরে অবস্থিত এই দুই দপ্তরে পৌঁছায়। প্রায় তিন ঘণ্টা ধরে চলে নথিপত্র যাচাইয়ের কাজ। ২০২২ থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান পদে ছিলেন তৎকালীন মন্ত্রী ব্রাত্য বসু। তাঁর আমলেই এই আর্থিক অনিয়ম হয়েছে বলে অভিযোগ উঠেছে।
মূলত সাহিত্য পুরস্কার প্রদান, প্রাপক নির্বাচন এবং সরকারি টাকায় বই ছাপানোর ক্ষেত্রে বড় ধরনের দুর্নীতির অভিযোগ জমা পড়েছে কমিশনে। এছাড়া বাংলা অ্যাকাডেমি ও চারুকলা ভবনে সংরক্ষিত দুষ্প্রাপ্য ছবি ও ঐতিহাসিক শিল্পকর্মের রক্ষণাবেক্ষণে চরম অবহেলার অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। এর আগে গত ২৪ নভেম্বর কমিশনের চেয়ারম্যান এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছিলেন এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের ১১ জন আধিকারিককে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
সংগৃহীত নথিপত্র যাচাইয়ের পর প্রাক্তন চেয়ারম্যান ব্রাত্য বসুকেও তলব করে বয়ান রেকর্ড করা হতে পারে বলে কমিশন সূত্রে ইঙ্গিত মিলেছে। যদিও ব্রাত্য বসু তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, তদন্ত হলে তাঁর কোনো অসুবিধা নেই, তবে এটি রাজনৈতিক প্রতিহিংসা থেকে করা হচ্ছে। বিগত সরকারের আমলের বিভিন্ন দপ্তরের আর্থিক লেনদেন খতিয়ে দেখতেই এই তদন্ত কমিশন গঠন করা হয়েছে। এখন তদন্ত কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রয়েছে সকলের।