AI-এর ঝুঁকি নিয়ে সতর্কবার্তা: ২০২৭ সালের মধ্যে বড় বিপদের আশঙ্কা গবেষকের

AI-এর ঝুঁকি নিয়ে সতর্কবার্তা: ২০২৭ সালের মধ্যে বড় বিপদের আশঙ্কা গবেষকের

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির দ্রুত বিকাশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এমইটিআর (METR) সংস্থার গবেষক নিকোলা জুরকোভিচ। তাঁর মতে, এআই প্রযুক্তির ওপর মানুষের নিয়ন্ত্রণ ক্রমশ হ্রাস পাচ্ছে, যা ভবিষ্যতে বড় ধরনের সংকটের কারণ হতে পারে। চলতি বছরেই এআই ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেম হ্যাক করার ঘটনা সামনে এসেছে। গবেষকের আশঙ্কা, ২০২৭ সালের মধ্যেই এআই মানুষের চেয়েও বেশি বুদ্ধিমান হয়ে উঠতে পারে এবং ২০৩০ সালের আগে মানবসভ্যতা বড় কোনো বিপর্যয়ের মুখে পড়তে পারে।

নিকোলার দাবি, এআই প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে সরকারি ও বেসরকারি পরিষেবা ক্ষেত্রে বড় ধরনের সাইবার হামলা হতে পারে। এমনকি অসাধু উদ্দেশ্যে এআই ব্যবহার করে জৈব অস্ত্র তৈরির ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এছাড়া চাকরির বাজারেও বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তিনি। তাঁর মতে, আগামী দশ বছরের মধ্যে কম্পিউটারের মাধ্যমে করা অধিকাংশ কাজ স্বয়ংক্রিয় হয়ে যাবে, যার ফলে বিশ্বজুড়ে বহু মানুষ কর্মসংস্থান হারাতে পারেন।

এই সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সাধারণ মানুষকে আগাম প্রস্তুতির পরামর্শ দিয়েছেন তিনি। বাড়িতে অন্তত দুই সপ্তাহের খাবার ও পানীয় জল মজুত রাখা এবং জরুরি প্রয়োজনে হাতে নগদ অর্থ রাখার কথা বলেছেন তিনি। ডিজিটাল লেনদেন ব্যবস্থা কোনো কারণে অচল হয়ে গেলে এই প্রস্তুতি কাজে আসবে বলে তাঁর অভিমত। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্বজুড়ে এআই প্রযুক্তির ওপর কঠোর নিয়ম ও নিয়ন্ত্রক কাঠামো তৈরির জন্য রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ইয়োশুয়া বেনজিও এবং জিওফ্রে হিন্টনের মতো প্রযুক্তি বিশেষজ্ঞরা আগেও এআই-এর ঝুঁকি নিয়ে একই ধরনের সতর্কবার্তা দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *