বিমার ৮৯ লক্ষ টাকা হাতানোর ছক, সুরাতের খালে ফেলে দেওয়া হল একই পরিবারের ৬ সদস্যকে

বিমার ৮৯ লক্ষ টাকা হাতানোর ছক, সুরাতের খালে ফেলে দেওয়া হল একই পরিবারের ৬ সদস্যকে

মহারাষ্ট্রের জলগাঁও থেকে সুরাতের উদ্দেশে রওনা হওয়ার পথে এক ভয়াবহ হত্যাকাণ্ডের শিকার হল একই পরিবারের ছয় সদস্য। বিমার ৮৯ লক্ষ টাকা হাতানোর লোভে তাঁদের সুরাতের বরদোলিতে একটি খালের জলে ঠেলে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় কবিতা পাটিল, তাঁর দ্বিতীয় স্বামী নীতেশ পাটিল এবং তাঁদের দুই সন্তান সুইটি ও প্রথমেশের দেহ উদ্ধার হয়েছে। পরিবারের অপর সদস্য হরিশ এখনও নিখোঁজ। তবে অলৌকিকভাবে বেঁচে গিয়েছে ১৩ বছরের করণ, যার বয়ানের ভিত্তিতেই এই নৃশংস ঘটনার পর্দাফাঁস হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কবিতার প্রথম পক্ষের স্বামীর মৃত্যুর পর ভুয়ো নথি দেখিয়ে বিমার টাকা আদায়ের অভিযোগ ওঠে। এই প্রতারণা চক্রে আকাশ পাটিল, প্রেমচাঁদ পাটিল এবং এক বিমা সংস্থার আধিকারিক যুক্ত ছিলেন বলে অভিযোগ। বিমা সংস্থা তদন্ত শুরু করলে কবিতা চাপে পড়ে যান এবং পুলিশের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন। এই বিপুল অঙ্কের টাকা হাতছাড়া হওয়ার ভয়ে দয়ানন্দ, আভা এবং বান্টি নামের অভিযুক্তরা পরিবারটিকে অপহরণ করে খালের ধারে নিয়ে গিয়ে জলে ফেলে দেয়।

স্থানীয়দের সহায়তায় করণকে উদ্ধার করে পুলিশে খবর দেওয়া হয়। তার বয়ানের সূত্র ধরে সুরাত ও জলগাঁও পুলিশ যৌথ অভিযান চালিয়ে দয়ানন্দ, বান্টি এবং আভাকে গ্রেফতার করেছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বিমা প্রতারণা ও এই হত্যাকাণ্ডের নেপথ্যে আরও কোনো বড় চক্র সক্রিয় কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুরো বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *