শাহরুখ খানের নামে ভুয়ো আইনি নোটিস, ভিত্তিহীন দাবি নিয়ে মুখ খুলল আইনজীবী সংস্থা

বলিউড অভিনেতা শাহরুখ খানের নামে একটি আইনি নোটিস সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর চাঞ্চল্য তৈরি হয়েছিল। তবে এই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অভিনেতার আইনি প্রতিনিধিরা। হিরানি অ্যান্ড অ্যাসোসিয়েটস নামের ওই আইনজীবী সংস্থা একটি বিবৃতির মাধ্যমে স্পষ্ট করেছে যে, শাহরুখ খানের পক্ষ থেকে এমন কোনো নোটিস জারি করা হয়নি এবং সংশ্লিষ্ট কোনো ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেননি অভিনেতা।
বিতর্কের সূত্রপাত গ্লোবাল পিস অনার্স ২০২৬-এর একটি ভিডিও ক্লিপকে কেন্দ্র করে। সুবিগ্য শর্মা নামের এক ব্যক্তি ওই ভিডিওর ভিত্তিতে দাবি করেছিলেন যে, শাহরুখ খানের পক্ষ থেকে তাঁকে আইনি নোটিস পাঠানো হয়েছে। ওই নথিতে ৪৮ ঘণ্টার মধ্যে ভিডিও মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল বলে দাবি করা হয়। তবে আইনজীবীদের দাবি, ওই নথির সঙ্গে শাহরুখ খান বা তাঁর আইনি টিমের কোনো সম্পর্ক নেই।
আইনজীবী সংস্থাটি সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কাছে আবেদন জানিয়েছে, কোনো নথির সত্যতা যাচাই না করে যেন অভিনেতার নাম জড়িয়ে খবর প্রকাশ করা না হয়। ইতিমধ্যে এমন কোনো প্রতিবেদন প্রকাশিত হয়ে থাকলে তা সংশোধন বা সরিয়ে নেওয়ার অনুরোধও জানানো হয়েছে। বর্তমানে শাহরুখ খান তাঁর আগামী ছবি ‘কিং’-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন, যা আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।