নয়ডায় পড়াশোনার চাপে ১৯ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী কিশোরী

নয়ডার সেক্টর ১০০-এর একটি বহুতল আবাসনে ১৬ বছর বয়সী এক কিশোরীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার ভোর আড়াইটে থেকে তিনটের মধ্যে ওই কিশোরী আবাসনের ১৯ তলা থেকে ঝাঁপ দেয় বলে অভিযোগ। ঘটনার সময় তার বাবা-মা ও ছোট বোন বাড়িতেই ছিলেন এবং গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। আবাসনের নিরাপত্তারক্ষীরা বিষয়টি প্রথম লক্ষ্য করেন এবং দ্রুত পরিবারকে খবর দেন।
খবর পেয়ে কিশোরীর বাবা পুলিশের জরুরি হেল্পলাইন নম্বরে ফোন করে বিষয়টি জানান। ঘটনাস্থলে পৌঁছায় নয়ডা পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, স্কুলের ক্লাস টেস্ট এবং টিউশনের পরীক্ষায় ওই কিশোরী কম নম্বর পাচ্ছিল। পড়াশোনায় আরও মন দেওয়ার জন্য তার মা-বাবা তাকে বকাবকি করেছিলেন। সেই অভিমানেই সে এই চরম পদক্ষেপ নিয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার করা সম্ভব হয়নি। মঙ্গলবার কিশোরীর দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পরিবারের সদস্য ও পরিচিতদের সঙ্গে কথা বলে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।